
আসল তৃণমূল কে, এই নিয়ে যখন টানাপোড়েন অব্যাহত তখন ঋতব্রত শিবিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরপর স্টিং অপারেশনের ক্লিপ দেখিয়ে কার্যত বোমা ফাটালেন মমতা তৃণমূলের সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, প্রতীকযুদ্ধে ঋতব্রতর ডেমোক্রেটিক তৃণমূল যে হলফনামা প্রকাশ করেছে, তা সম্পূর্ণ ভুয়ো। পুলিশকে দিয়ে জোর করে সই করানো হয়েছে।
থানায় বসে হলফনামার কাগজ সই করানো হচ্ছে! শনিবার সাংবাদিক বৈঠকে পরপর ৩টি ভিডিও ক্লিপ দেখিয়ে এই গুরুতর অভিযোগ তোলেন অভিষেক। ডিলিমিটেশন বিল নিয়ে INDIA জোটের বৈঠকে যোগ দিতে এ দিন দিল্লিতে গিয়েছিলেন তিনি। সেখান থেকেই মহুয়া মৈত্র এবং ডেরেক ও'ব্রায়নকে পাশে নিয়ে এই স্টিং অপারেশনের ক্লিপগুলি দেখালেন ডায়মন্ড হারবারের সাংসদ। শুধু ঋতব্রত শিবির নয়, তাঁর নিশানায় ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পুলিশকে ব্যবহার করে হলফনামায় ভুয়ো সই করানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এই সাংবাদিক বৈঠকেই তাঁকে বলতে শোনা যায়, '১৫ বছর তৃণমূল সরকার, তার আগে ৩৪ বছর বামেদের সরকার ছিল, তার আগে ৫ বছর কংগ্রেস ক্ষমতায় ছিল। কিন্তু পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এরকম হয়নি।' তবে কি BJP-র বিরুদ্ধে লড়াইয়ে বামেদের প্রতি নরম হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
এ দিন বেশ কয়েকটি ভিডিও সকলের সামনে তুলে ধরে অভিষেক বলেন, 'ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের পক্ষ থেকে যে নথি জমা করা হয়েছে তাতে ভুয়ো সই রয়েছে। থানার মধ্যে বসে হলফনামায় ভয় দেখিয়ে সই করানো হয়েছে। যাঁদের দিয়ে সই করানো হয়েছে, তাঁরাই ভুয়ো সইয়ের কথা বলছেন।' অভিষেকের ভিডিওতে দেখা গিয়েছে, পুলিশের তরফে কিছু কাগজে সই করানো হচ্ছে। তিনি বলেন, 'ভুয়ো হলফনামা, নোটারির সইও ভুয়ো। যাঁর নামে এই সই করা হচ্ছে, যাঁর নাম দিয়ে হলফনামা জমা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনে, তিনি নিজেও জানেনও না। এটাই হচ্ছে বাংলার সরকার, তথাকথিত বিরোধী দল ডেমোক্র্যাটিক তৃণমূল, যার নেতৃত্বে রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।'
অভিষেক আরও বলেন, '৪০-৫০ জন বিধায়ককে গান পয়েন্টে রেখে স্বাক্ষর করে স্পিকারকে চিঠি দিয়েছে ঋতব্রত শিবির। যাদের দেখা যাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য হাইকোর্ট-সুপ্রিম কোর্ট যতদূর যাওয়া যায় যাব।'