Advertisement

Sumit Roy : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের PA সুমিত রায় গ্রেফতার, রক্ষাকবচ উঠতেই পদক্ষেপ CID-র

তাই তাঁর রক্ষাকবচ বহাল রাখার কোনও অর্থ নেই। এই নির্দেশের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি সুমিতকে এবার গ্রেফতার করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। অবশেষে সেই জল্পনা সত্যি হল।

সুমিত রায় সুমিত রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 2:49 PM IST
  • আজ বৃহস্পতিবার সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট
  • প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলার শুনানিতে জানান, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল

অবশেষে গ্রেফতার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে পাকড়াও করে সিআইডি। কালিঘাটে অভিষেকের বাড়ি থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয়। 

আজ বৃহস্পতিবার সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত মামলার শুনানিতে জানান, সুমিত রায়কে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি তদন্তে সাহায্য করেননি। তাই তাঁর রক্ষাকবচ বহাল রাখার কোনও অর্থ নেই। এই নির্দেশের পরই জল্পনা শুরু হয়, তাহলে কি সুমিতকে এবার গ্রেফতার করবে রাজ্যের তদন্তকারী সংস্থা। অবশেষে সেই জল্পনা সত্যি হল। তাঁকে পাকড়াও করে ভবানীভবনে নিয়ে যান সিআইডি আধিকারিকরা।  

শালবনির জমি দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুমিত রায়। এই মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন। তবে তাঁর আবেদন খারিজ হয়ে যাওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেকের আপ্তসহায়ক। বুধবারের পর বৃহস্পতিবারও শীর্ষ আদালতে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি শেষে সুমিতের আইনি রক্ষাকবচ তুলে নেওয়া হয়। 

সুমিতের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ আগেই তুলেছিল রাজ্য। তদন্তকারীদের দাবি, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা লেনদেন হয়েছে, যার উৎস নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। অভিযুক্ত সেই সব তথ্য তদন্তকারীদের দিচ্ছেন না। বুধবারের শুনানিতে রাজ্যের তরফে আদালতকে জানানো হয়, গত জুন মাসেই সুমিতের অ্যাকাউন্টে প্রায় ৭১ লক্ষ টাকা জমা পড়েছিল। সব মিলিয়ে অভিষেকের আপ্তসহায়কের অ্যাকাউন্টে প্রায় ১৫ কোটি টাকা জমা হওয়ার তথ্য সামনে এসেছে বলে দাবি করে রাজ্য। এই বিপুল টাকার উৎস সম্পর্কে তদন্তকারীরা জানতে চাইছেন।

তদন্তে সুমিত ঠিক কতটা সহযোগিতা করেছেন, তা নিয়েও আদালতে প্রশ্ন ওঠে। তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগের প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের লিখিত রেকর্ড আদালতে পেশ করতে চেয়েছিল রাজ্য। বুধবার সেই নথি শীর্ষ আদালতে জমা দেওয়া হয়। দুই পক্ষের নথি এবং তদন্তের রেকর্ড খতিয়ে দেখার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, সুমিতকে তদন্তে সহযোগিতা করার জন্য যথেষ্ট সময় ও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, সেই সুযোগ সত্ত্বেও তিনি তদন্তে প্রত্যাশিত সহযোগিতা করেননি। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement