Advertisement

কেন প্রসেনজিতের বাড়িতে গিয়ে সাক্ষাৎ? নিজেই কারণ জানালেন অমিত শাহ

সোমবার টলিউডের সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন তিনি অভিনেতার বাড়ি গিয়েছিলেন? তা নিজেই স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

১২ বছর পূর্তিতে ‘বিশেষ জনসংযোগ অভিযান’ ১২ বছর পূর্তিতে ‘বিশেষ জনসংযোগ অভিযান’
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2026,
  • अपडेटेड 9:06 AM IST
  • শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
  • সকলকে চমকে দিয়ে কলকাতায় সোজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
  • এরপরেই শুরু হয় জোরদার রাজনৈতিক জল্পনা।

সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকী পালনে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রথমে ইকো পার্কে গিয়ে ১২৫ ফুটের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরে তাঁর বাড়িতে যান অমিত শাহ। এরপর তিনি যান মিলন মেলায় আয়োজিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানেও। তবে এসবই ছিল সফরের পরিকল্পনাভুক্ত। তবে সকলকে চমকে দিয়ে কলকাতায় সোজা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাসভবনে গিয়ে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপরেই শুরু হয় জোরদার রাজনৈতিক জল্পনা। দাবি করা হয়, রাজ্যসভায় বাংলার সুপারস্টারকে জায়গা দিতেই এই সাক্ষাৎ। যদিও তখনই বিষয়টি নিয়ে মুখ খোলেনি কোনও পক্ষ। কিন্তু চলতি মাসেই রয়েছে  রাজ্যসভার ৩ আসনে নির্বাচনে। ফলে সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে কিনা, তা নিয়েই শুরু হয় জল্পনা।

কিছুদিন আগেই প্রধানমন্ত্রী হিসেবে ১২ বছর পূর্ণ করেছেন নরেন্দ্র মোদী। মোদী সরকারের ১২ বছর পূর্তিতে ‘বিশেষ জনসংযোগ অভিযান’ শুরু করেছে বিজেপি। তারই অঙ্গ হিসেবে বাংলায় এসে তিনি প্রসেনজিতের বাড়িতে গিয়েছিলেন বলে স্পষ্ট করে দিলেন শাহ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি টুইট বার্তায় লেখেন, "বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও লেখক শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মহাশয়ের সঙ্গে তার বাসভবনে আন্তরিক সাক্ষাৎ করলাম। 'বিশেষ জনসংযোগ অভিযান'-এর অংশ হিসেবে, গত ১২ বছরে মোদী সরকারের ঐতিহাসিক সাফল্য সম্পর্কে তাঁকে অবহিত করলাম।"

কবে রাজ্যসভায় ভোট?

বাংলার তিন আসনে  রাজ্যসভার ভোট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। । আগামী ২৪ জুলাই হবে এই ভোটগ্রহণ। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পদত্যাগের ফলে তৈরি হওয়া শূন্য আসনগুলিতেই এই নির্বাচন। নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, ৭ জুলাই বিজ্ঞপ্তি জারি হবে। ১৪ জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, ১৫ জুলাই মনোনয়নপত্র যাচাই এবং ১৭ জুলাই প্রার্থী পদ প্রত্যাহারের শেষ দিন। 

 

Read more!
Advertisement
Advertisement