Advertisement

Suvendu On Ananta Maharaj: ক্ষমার অযোগ্য, তবে ওঁর বয়সের কথা মাথায় রেখে...' নেতাজি-বিদ্বেষী অনন্তকে নিয়ে শুভেন্দু যা বললেন...

১৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তার মাধ্যমে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। নেতাজি সম্পর্কে তাঁর মন্তব্য অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন। এরপরই তাঁকে নিয়ে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, অনন্ত মহারাজ ক্ষমা অযোগ্য কাজ করেছেন।

অনন্ত মহারাজ, শুভেন্দু অধিকারী অনন্ত মহারাজ, শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2026,
  • अपडेटेड 12:33 PM IST
  • অনন্ত মহারাজ ক্ষমা অযোগ্য কাজ করেছেন
  • মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • সঙ্গে তাঁর প্রশ্ন, 'ওঁকে বঙ্গবিভূষণ কে দিয়েছিল?'

'ক্ষমার অযোগ্য কাজ করেছেন উনি।' অনন্ত মহারাজ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে তাঁর লাগাতার বিষোদগারের পর কড়া অ্যাকশন নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কেড়ে নেওয়া হয় তাঁর 'বঙ্গবিভূষণ' সম্মানও। এরপরই ইউটার্ন নিয়ে ক্ষমা চেয়ে নেন BJP-র রাজ্যসভার সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ। 

বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই মধ্যরাতে একটি ১৭ সেকেন্ডের ভিডিও আপলোড করে অনন্ত মহারাজ ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, 'আমি আন্তরিক ভাবে দুঃখিত।' তাঁর আরও বক্তব্য, 'নেতাজির প্রতি সম্মান জানিয়ে বলছি, নেতাজিকে নিয়ে আমার অনিচ্ছাকৃত কিছু বক্তব্যের জন্য কেউ যদি মানসিক ভাবে আঘাত পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত।'

শুক্রবার MLA কাপের উদ্বোধনের সময়ে এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তবে উনি রাজ্যসভার বর্ষীয়ান সদস্য। ওঁর বয়সের কথা মাথায় রেখেই আমি বলছি, নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, ভাল করেছেন।' পাশাপাশি তিনি জানান, ইতিমধ্যেই নেতাজির বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার জন্য ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ২৮৭টি ফেসবুক পোস্ট ডিলিট করানো হয়েছে। আলাদা করে ৬টি FIR-ও দায়ের করা হয়েছে। 

উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পর রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া অ্যাকশন নেওয়া হয়। 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নেওয়া হয় অনন্ত মহারাজের। যদিও এই সম্মান তাঁকে দিয়েছিল পূর্বতন তৃণমূল সরকার। তা নিয়ে এদিন শুভেন্দু বলেন, 'বঙ্গবিভূষণ সম্মান কে দিয়েছিল ওঁকে? এখন এত কথা বললে হবে! রাজ্যসভায় এমন অনেক সমস্য রয়েছেন, এমন অনেককে পাঠানো হয় যাঁরা রাজনৈতিক ব্যক্তিত্ব নন।'

 

Read more!
Advertisement
Advertisement