
দীপাবলির পরেই দেশের একাধিক শহরে বায়ুর মান নীচে নেমে গিয়েছে। রাজধানী নয়াদিল্লিতে AQI অনেকটা নীচে নেমে গিয়েছে বলে দাবি করেছে বিরোধীরা। তাঁদের অভিযোগ AQI ডেটায় জালিয়াতি করা হয়েছে। যদিও সরকার সেই অভিযোগ মানতে নারাজ। কিন্তু বাঙালির কাছে প্রশ্ন দীপাবলিতে রাতভর বাজি পোড়ানোর পর কলকাতায় AQI কত রয়েছে?
রিপোর্ট বলছে, দীপাবলির রাত কাটতেই কলকাতার বায়ুর গুণমান মাঝারি পর্যায়ে রয়েছে। শহরের গড় বায়ুর গুণমান সূচক বা AQI রয়েছে ১৬৭-তে। তবে দক্ষিণ কলকাতার যাদবপুরে বায়ুদূষণের মাত্রা পৌঁছে গিয়েছে খারাপ বা 'Poor' পর্যায়ে।
ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড-এর দেওয়া তথ্য অনুযায়ী, যাদবপুরে AQI রয়েছে ২২১ পয়েন্টে। এরপরেই রয়েছে বেণিয়াপুকুর, সেখানে AQI ১৯৫। বালিগঞ্জে বায়ুর গুণমান সূচক ১৯১ এবং বিধাননগরে ১৭৭। তুলনামূলকভাবে ভালো পরিস্থিতি রবীন্দ্র সরোবরে। সেখানে AQI ১২৫।
CPCB-এর নির্ধারিত সূচক অনুযায়ী, AQI ০ থেকে ৫০ হলে ভালো, ৫১ থেকে ১০০ হলে সন্তোষজনক, ১০১ থেকে ২০০ হলে মাঝারি, ২০১ থেকে ৩০০ হলে খারাপ, ৩০১ থেকে ৪০০ হলে অত্যন্ত খারাপ এবং ৪০১ থেকে ৫০০ হলে গুরুতর বলে বিবেচিত হয়।
এদিকে কলকাতার বাতাসে PM2.5-এর মাত্রা প্রতি ঘনমিটারে প্রায় ১০৬ মাইক্রোগ্রাম এবং PM10-এর মাত্রা প্রায় ১৫৪ মাইক্রোগ্রাম রয়েছে। PM2.5-এর ব্যাস ২.৫ মাইক্রোমিটার বা তার কম। মানুষের চুলের প্রস্থের তুলনায় অনেক ছোট এই দূষণকণা সহজেই ফুসফুসের গভীরে প্রবেশ করতে পারে। এমনকী রক্তপ্রবাহেও মিশে যেতে পারে এই অতি সূক্ষ্ম কণা। ফলে শরীরে তৈরি হতে পারে গুরুতর স্বাস্থ্যঝুঁকি।