Advertisement

Ayushman Bharat Apply: বন্ধ হচ্ছে না স্বাস্থ্যসাথী, কারা পাবেন আয়ুষ্মান ভারত? কত টাকার ফ্রি চিকিৎসা? জানুন পুরো ডিটেল

রবিবার থেকে রাজ্যে ৩টি মেডিক্যাল স্কিম। একইসঙ্গে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। আপাতত স্বাস্থ্যসাথী প্রকল্পও বন্ধ হচ্ছে না রাজ্যে।

রবিবার থেকে রাজ্যে ৩ মেডিক্যাল স্কিম রবিবার থেকে রাজ্যে ৩ মেডিক্যাল স্কিম
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Aug 2026,
  • अपडेटेड 3:35 PM IST
  • রবিবার থেকে রাজ্যে ৩টি মেডিক্যাল স্কিম
  • চালু হচ্ছে আয়ুষ্মান ভারত এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা
  • আপাতত স্বাস্থ্যসাথী প্রকল্পও বন্ধ হচ্ছে না

১৬ অগাস্ট, রবিবার থেকে রাজ্য চালু হচ্ছে ২টি নতুন মেডিক্যাল স্কিম। একটি আয়ুষ্মান ভারত প্রকল্প এবং অপরটি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। একইসঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্যসাথী পরিষেবাও চালু থাকছে রাজ্যে, আগামী ২-৩ মাসের মধ্যে এই স্কিম বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। পাশাপাশি তিনি আয়ুষ্মান ভারত নিয়ে যাবতীয় বিভ্রান্তিও দূর করেছেন। 

স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট ভাবে জানিয়েছেন, আগামী ২-৩ মাসের মধ্যে কখনওই স্বাস্থ্যসাথী বন্ধ হচ্ছে না। একইসঙ্গে ৩টি স্কিম চলবে। ২ মাস পর যদি দেখা যায় কোনও সমস্যা হচ্ছে না, হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীদের থেকে ফিডব্যাক নিয়ে ধীরে ধীরে তোলা হবে স্বাস্থ্যসাথী স্কিমটি। 

স্বাস্থ্যসাথী আছে অথচ আয়ুষ্মান নেই, কী করবেন?
তাঁদের জন্যই মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। শারদ্বত মুখোপাধ্যায়ের কথায়, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনাও রবিবার থেকেই চালু হচ্ছে। ৮০ লক্ষ পরিবার এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন। ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে প্রতি বছর প্রতি পরিবার। 

আয়ুষ্মান ভারতের e-KYC কীভাবে করবেন?
যে হাসপাতালে আপনি আয়ুষ্মান ভারত পরিষেবা নিচ্ছেন, সেখানে আধার কার্ড দেখাতে হবে। e-KYC না করা থাকলে তৎক্ষণাৎ তা হয়ে যাবে হাসপাতাল থেকেই। 

কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারত পরিষেবা মিলবে? 
আয়ুষ্মান ভারত কার্ডে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতালে। পশ্চিমবঙ্গের ১৩০০ বেসরকারি হাসপাতালে এবং ৭০০ সরকারি হাসপাতালে মিলবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা। 

কারা পাবেন আয়ুষ্মান ভারত?
আনুমানিক দেড় কোটি পরিবারের ৬ কোটি নাগরিক আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। সিনিয়র সিটিজেনদের কোনও যোগ্যতার মাপকাঠি নেই। ৭০ ঊর্ধ্ব সকলেই আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। 

কত টাকার বিনামূল্যে চিকিৎসা? 
প্রতি বছর, প্রতি পরিবারকে ৫ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে আয়ুষ্মান ভারত প্রকল্পে। কার্ড করতে কোনও টাকা নেওয়া হবে না। পুরনো রোগ থাকলে, সেটিরও সম্পূর্ণ চিকিৎসা হবে আয়ুষ্মান ভারতে। উপভোক্তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পোর্টালে থাকবে। ভারতের যে কোনও প্রান্তে, যে কোনও প্রান্তিক জায়গায় এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। বেড়াতে গিয়ে অসুস্থ হলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন সেই স্থানেই। সঙ্গে রাখতে হবে আধার নম্বর। 

Advertisement

হাসপাতালে ভর্তির আগে ও পরে কবে আয়ুষ্মান ভারতের সুবিধা? 
ভর্তি হওয়ার ৩ দিন পূর্ব থেকে ১৫ দিন পর পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। ফিজিওথেরাপি, ওষুধপত্র, ড্রেসিং সব মিলবে। 

পরিবার পিছু ক'টি আয়ুষ্মান কার্ড?
আয়ুষ্মান ভারতের জন্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা কার্ড থাকবে। পরিবারপিছু ৫ লক্ষ টাকার সুবিধা পাওয়া গেলেও সদস্যদের জন্য লাগবে আলাদা কার্ড। পরিবারের সদস্যসংখ্যা সীমিত নয়। 

 

Read more!
Advertisement
Advertisement