Advertisement

Weather Forecast: আজ ফের তৈরি হচ্ছে নিম্নচাপ, বর্ষা বিদায়ের আগে ভাসবে বাংলা

বর্ষা বিদায়ের পালা আসন্ন। তবে তার আগে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ। নতুন করে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে বৃহস্পতিবার। এর জেরে উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

আবহাওয়ার আপডেটআবহাওয়ার আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Sep 2026,
  • अपडेटेड 6:46 AM IST
  • বর্ষা বিদায়ের পালা আসন্ন
  • তার মধ্যেই ফের তৈরি নিম্নচাপ
  • উইকএন্ডে ভাসবে বাংলা

বৃহস্পতিবার নতুন করে তৈরি হচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের প্রভাব তৈরি হবে এই নিম্নচাপটি। অন্যদিকে, একটি মৌসুমি অক্ষরেখা জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া এবং দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দুইয়ে মিলে দক্ষিণবঙ্গ ভাসাতে চলেছে ফের একবার। 

দক্ষিণবঙ্গের আপডেট

আগামী ৩ দিন অর্থাৎ শুক্র থেকে রবি, দক্ষিণবঙ্গের সব জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে সে কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে আগামী ৩ দিন। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা বইবে। 

উত্তরেও বৃষ্টি

উত্তরের প্রতিটি জেলাতেই সামনের কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির বিস্তার বেশি হতে পারে। উত্তরবঙ্গেরও সব জেলাতেই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

বর্ষা বিদায় কবে?

IMD জানিয়েছে, এর মধ্যেই দেশের বিস্তীর্ণ অংশে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি অনেকটাই কমেছে। স্যাটেলাইট ছবিতেও ভারতের প্রায় ৮০–৯০ শতাংশ এলাকায় মেঘের আচ্ছাদন নেই বলে দেখা যাচ্ছে। ফলে অনেক জায়গাতেই আকাশ পরিষ্কার এবং আবহাওয়া তুলনামূলক শুষ্ক। তবে কি এই পরিস্থিতিকে বর্ষা বিদায়ের চূড়ান্ত সঙ্কেত হিসেবেই দেখা উচিত? 

বিদায়ের আগে শেষবারের জন্য ঝোড়ো ব্যাটিং করতে চলেছে বর্ষার বৃষ্টি। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ফের একবার মধ্য, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম ভারতে ভারী বৃষ্টি নামতে চলেছে। আগামী ১২ থেকে ২১ সেপ্টেম্বর চালিয়ে খেলবে বর্ষা, এমনটাই পূর্বাভাস আবহাওয়াবিদদের।  INSAT-3D স্যাটেলাইট ইমেজে সম্প্রতি ধরা পড়েছে, ভারতীয় উপমহাদেশের বিশাল অংশজুড়ে, বিশেষ করে উত্তর-পশ্চিম ভারতে মেঘের আচ্ছাদন উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে মেঘের সমষ্টি এখনও সক্রিয় আছে। ১২-২১ সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টির পর্ব মিটলেই বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হবে দেশজুড়ে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। বিশেষত উত্তর-পশ্চিম ভারত থেকেই আগে বিদায় নেবে বর্ষা। এরপর ধীরে ধীরে মধ্য এবং তারপর পূর্ব ভারত থেকে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement