
শনিবার রেড রোডে ইদের অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন রেড রোডের মঞ্চ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে একাধিক বার্তা দেন মমতা।
তিনি বলেন, ‘SIR-এ অনেকের নাম কাটা হয়েছে। আপনাদের জন্য আমার লড়াই জারি থাকবে। আজ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আসলে আর্শীবাদ। আপনাদের জন্য সব বাধা কাটিয়ে লড়াই করার জন্য আর্শীবাদ দিচ্ছে আল্লাহ। আমি সব ধর্মের মানুষের পাশে আছি। SIR-এ বহু মানুষের নাম কেটে যাওয়ায় দিল্লি গিয়েছি, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট দৌড়ে গিয়েছি। আমরা কোনও ভাবেই ভয় পাই না। আমরা লড়াই করি।’
SIR প্রসঙ্গে মমতা বলেন, "এসআইআর-এর সময় অনেক নাম ডিলিট করে দেওয়া হয়েছে। আমি কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যুদ্ধ করেছি। হাইকোর্ট-সুপ্রিম কোর্টে গিয়েছি। যদি আপনাদের মধ্যে কারও নাম বাদ যায়, আমরা থামব না, বিচারের জন্য আমরা লড়াই করব।" BJP-কে নিশানা করে মমতা বলেন, "যারা বাংলাকে নিশানা করবে, তারা জাহান্নামে যাবে।"
মমতা বন্দ্য়োপাধ্যায়ের পাশাপাশি রেড রোডের মঞ্চ থেকে বার্তা দেন অভিষেকও। তিনি বলেন, "সব অনুষ্ঠানই আমাদের মানবিকতার বার্তা দেখায়। সম্প্রীতির বার্তা দেয়।" তিনি বলেন, ‘ভাইদের ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। রমজানে রাম আছেন তো দিওয়ালিতে আলি আছে। যে চাঁদ দেখে ইদ পালন করা হয়, সেই চাঁদ দেখেই করবা চৌথের ব্রত খোলা হয়। হিন্দুকে মুসলিমের সঙ্গে লড়িয়ে দিচ্ছে। মুসলিমকে হিন্দুদের বিরুদ্ধে লড়িয়ে দিচ্ছে। কিন্তু বাংলার সম্প্রীতি অটুট থাকবে।’
একটি কবিতা উদ্ধৃত করে অভিষেক বলেন, "কিরায়াদার হে, জাতি মাকান থোরি হে, সবিকা খুন হে মিট্টিমে সামিল, কিসিকা বাপকা হিন্দুস্তান নেহি হে।" তিনি বলেন, "কেউ কেউ বলে হিন্দুরা নিরাপদ নয়, কেউ কেউ বলে মুসলমানরা নিরাপদে নেই। কিন্তু আমি বলব, আমাদের দেশ নিরাপদে নেই, আতঙ্কের মধ্যে আছে।" এরপর অভিষেক একসুর চড়া করে বলেন, "মাথা কেটে নিতে পারো, কিন্তু মাথা ঝোঁকাতে পারবে না।"