
অভিনেতা সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের বাড়িতে গণেশ পুজোয় যেন চাঁদের হাট। গত কয়েক বছর ধরেই ধুমধাম সহকারে গণেশ পুজোর আয়োজন করেন ঘাটালের সাংসদ। এবছরও তার ব্যতিক্রম হয়নি। আর সেই পুজোতেই দেখা গেল রাজ্য বিজেপির প্রথম সারির নেতাদের। এমনকি উপস্থিত হলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
মঙ্গলবার দুপুরে দেবের বাড়িতে প্রথমে হাজির হন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। সেখানে তিনি জানান, দেবের আমন্ত্রণেই সুপারস্টারের বাড়ি এসেছেন তিনি। পুজোর অনুষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের থেকে উর্ধ্বে রাখাই শ্রেয় বলে জানিয়েছিলেন সুকান্ত।
আর তার পরেই সাংসদ-অভিনেতার বাড়িতে হাজির হন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দেবের পরিবারের সঙ্গে একসাথে ছবিও তোলেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতি নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে দেব লেখেন, "ধন্যবাদ দাদা আমার বাড়ির পুজোতে আসার জন্য। ভগবানের কাছে প্রার্থনা করি সবার ভালো হোক, রাজ্যের ভালো হোক।"
অন্যদিকে, সুকান্ত মজুমদার বলেছেন, এর মধ্যে কেউ কোনও রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না। তার কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে যে, ২০২৪ সালে ও যখন তৃণমূলের স্টার প্রচারক হিসেবে আমার লোকসভায় গিয়েছিল প্রচার করতে, তখনও মঞ্চ থেকে দেব স্বীকার করে নিয়েছিল যে, আমার সঙ্গে ওঁর ভালো সম্পর্ক রয়েছে। এবং সেটা ও বক্তৃতা দেওয়ার মাঝে জনসমক্ষেই বলেছিল। দেব সেদিনও বলেছিল- যে ভাল ব্যক্তি সে জিতবে।’ ওঁর এই উদার মানসিকতার জন্যই ওঁকে আমার ভালো লেগেছে। সেজন্যই আমার এখানে আসার নেপথ্যে কোনও রাজনৈতিক কারণ খোঁজার চেষ্টা করবেন না।
প্রথমে দেবের বাড়িতে বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতি নিয়ে সাময়িক আলোচনা শুরু হলেও, আদতে বিরোধী শিবিরের নেতা-মন্ত্রীদের সঙ্গে দেবের সম্পর্ক যে বরাবরই ভালো, তা সর্বজনবিদিত। এর আগেও বারে বারেই সেই সুসম্পর্ক সামনে এসেছে। এমনকি তার জন্য বর্তমান তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের সঙ্গে কার্যত মতানৈক্যও তৈরি হয়েছিল দেবের। তবে সেই মতপার্থক্যও বেশিদিন থাকেনি।
উল্লেখযোগ্য ভাবে, এদিন দেবের বাড়ির পুজোয় হাজির ছিলেন সেই কুণাল ঘোষও। বেলেঘাটার বিধায়কের সঙ্গে সেই ছবিও শেয়ার করেছেন দেব। গত বছরও দেবের বাড়ির গণেশ পুজোয় রাজনৈতিক নেতা থেকে তারকাদের সমাবেশ দেখা গিয়েছিল। এবারও সেই পুনরাবৃত্তি দেখল রাজ্যবাসী।