
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে সমাজমাধ্যমে আপত্তিকর এবং অপমানজনক মন্তব্য করার ঘটনায় কড়া পদক্ষেপের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার মুখ্যমন্ত্রী অধিকারী বলেন, 'রাজ্য পুলিশের ডিজি এবং সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পদক্ষেপ করা হবে।'
রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘নেতাজি সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস যাঁরা দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। নির্দিষ্ট ধারায় গ্রেফতারও করা হতে পারে।’
প্রসঙ্গত, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গত কয়েকদিনে একাধিক বিতর্ক মন্তব্য সামনে এসেছে। প্রকাশ্যে নেতাজিকে নিয়ে কুমন্তব্য করার অভিযোগে শোরগোল পড়েছে। সোশ্যাল মিডিয়াতেও নেতাজির ছবি বিকৃত করে পোস্ট করা হচ্ছে। শুভেন্দু অধিকারী এদিন স্পষ্ট করে দিয়েছেন, নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে কুমন্তব্য করার অভিযোগ সামনে এলে, নির্দিষ্ট সেকশন অনুসারে পুলিশ ব্যবস্থা নেবে।
এ দিন সাংবাদিক বৈঠকে শুভেন্দু জানান, সাইবার সেলকে নির্দেশ দেওয়া হয়েছে, যাঁরা সোশ্যাল মিডিয়ায় ‘নেতাজি’কে নিয়ে বিভ্রান্তিকর প্রচার করছেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ করতে। মুখ্যমন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গে রাষ্ট্রবাদ, দেশপ্রেমী বিধায়ক, মন্ত্রীরা এসেছেন আমার কাছে অভিযোগ জানাতে। নেতাজিকে নিয়ে যাঁরা অপপ্রচার করেছেন, মিম করেছেন তাঁদের বিরুদ্ধে কঠোর ও কঠিন ব্যবস্থা নেওয়া হবে। গ্রেফতার করা হবে। কোনও জনপ্রতিনিধি বা এমপি-র ক্ষেত্রেও আইন সমান। একই পদক্ষেপ করা হবে।’
বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, 'মন্ত্রী, বিধায়ক, সাংসদ তিনি যে দলের হোন, পদক্ষেপ হবে। আইন সকলের জন্য সমান।' এ নিয়ে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করবে নবান্ন। এ ছাড়াও সব স্কুল এবং সরকারি কার্যালয়ে নেতাজির ছবি বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানান শুভেন্দু। মুখ্যমন্ত্রী বলেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইন সকলের জন্য সমান। পুলিশকে দলমত নির্বিশেষে স্বাধীন ভাবে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তি পুলিশের পদক্ষেপকে প্রভাবিত করবে না। শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দেন, ‘পশ্চিমবঙ্গের মাটিতে নেতাজিকে অপমান করতে দেব না। গ্রেফতার করতে বলা হয়েছে।’