Advertisement

Biman Bose: পেসমেকার বসল বিমানের, কেমন আছেন বাম নেতা? হাসপাতালে ভর্তি মীরাও

গত ৩ দিন ধরে দিল্লির AIIMS হাসপাতালে ভর্তি রয়েছেন বিমান বসু। তিনি এখন কেমন আছেন? জানিয়েছেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পাশাপাশি কলকাতার হাসপাতালে ভর্তি বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরাও।

বিমান বসু, মীরা ভট্টাচার্য বিমান বসু, মীরা ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Aug 2026,
  • अपडेटेड 11:55 AM IST
  • AIIMS-এ ভর্তি বিমান বসু
  • পেসমেকার বসেছে তাঁর
  • মীরা ভট্টাচার্যও হাসপাতালে ভর্তি

গত ৩ দিন ধরে দিল্লির AIIMS-এ ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার খবর শুনে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়ে পড়ে বাম কর্মী-সমর্থকদের মধ্যে। কী হয়েছে প্রবীণ এই রাজনীতিবিদের? 

দলীয় সূত্রে খবর, বিমান বসুর পেসমেকার বসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে। AIIMS-এর ডাক্তারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন CPIM-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি সকলকে আশ্বস্ত করে জানিয়েছেন, উদ্বেগের কোনও কারণ নেই। এখন বিমান বসু ভাল আছেন। তবে চিকিৎসকরা এই মুহূর্তে তাঁর সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে বারণ করেছেন। দু'একদিনের মধ্যে তাঁকে কিছু রুটিন পরীক্ষা করে ছেড়ে দেওয়া হবে বলেও হাসপাতালের তরফে জানানো হয়েছে।  

৮৬ বছরের এই বামনেতা এখনও 'ফিট অ্যান্ড ফাইন'। এখনও তিনি কার্যত ছুটে সিঁড়ি দিয়ে উঠে পড়তে পারেন। মিছিলের অগ্রভাগে থেকে তরুণদের সঙ্গেই পাল্লা দিয়ে হাঁটেন। পরিমিত আহার এবং নিয়মানুবর্তিতার মধ্যেই মুজফফর আহমেদ ভবনের ছোট ঘরে থাকেন বিমান বসু। তবে বয়সজনিত কারণে চিকিৎসকরা একাধিক বিষয় নিয়ে কড়াকড়ি করেছেন। ২০২৪ সালের শেষে অসুস্থতার কারণে বিমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তারপর থেকে চিকিৎসকদের কড়া অনুশাসনে ছিলেন তিনি। গত মার্চে রাজ্যের তৎকালীন CEO দফতরের সামনে অবস্থান বিক্ষোভে সামিল ছিলেন ফ্রন্ট চেয়ারম্যান। যদিও চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকায় তিনি রাত জাগতে পারেনি বাকি নেতৃত্বের সঙ্গে। যা নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছিল বিমান বসুকে।

অন্যদিকে, অসুস্থ বুদ্ধ জায়া মীরা ভট্টাচার্যও।  শুক্রবার পেটের ডান দিকে ব্যথা অনুভব করছিলেন তিনি। এরপরই আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, সিটি স্ক্যানে দেখা গিয়েছে, ডান দিকে কোন‌ও সমস্যা নেই। তবে বাঁ দিকে একটি পুরু আস্তরণ রয়েছে। সেটি কী কারণে তা জানতে শনিবার কোলনোস্কোপি করা হবে। তবে এখন স্থিতিশীল প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী। পেটের ব্যথাও এখন অনেকটাই কম। আপাতত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন ৭৬ বছরের মীরা ভট্টাচার্য। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement