Advertisement

Biman Bose: SFI-এর বুকস্টলে বিমানকে 'গো ব্যাক' ABVP-র, বামনেতা হেসে বললেন, 'বই বিক্রি করতে আসিনি'

কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। তার মাঝেই বিমান বসুকে উদ্দেশ্য করে এ বার 'গো ব্যাক' স্লোগান ABVP-র। পাল্টা ফ্রন্ট চেয়ারম্যান বললেন, 'এখানে বই বিক্রি করতে আমি আসিনি।'

বিমান বসু বিমান বসু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Nov 2026,
  • अपडेटेड 4:31 PM IST
  • বিমান বসুকে 'গো ব্যাক' স্লোগান ABVP-র
  • কলেজ স্ট্রিটে SFI বুকস্টলে ধুন্ধুমার
  • এখানে বই বিক্রি করতে আমি আসিনি'

কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড। এ বার গো ব্যাক স্লোগানের মুখে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বুধবার পৌনে ৪টে নাগাদ কলেজ স্ট্রিটে SFI-এর বুক স্টল পরিদর্শন করতে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন সুজন চক্রবর্তীও। ছাত্রছাত্রী ও দলীয় কর্মীদের সঙ্গে কথাবার্তার পর খানিকক্ষণের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যান। গাড়িতে ওঠার সময় সামনে চলে আসে ABVP-র সদস্যরা। তাঁকে উদ্দেশ্য করে চলতে থাকে স্লোগান। 

'পালিয়েছে, পালিয়েছে, বিমান বসু পালিয়েছে!' এই ধরনের স্লোগান শোনা যায় ABVP-র সদস্যদের মুখে। পাল্টা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বসু বলেন, 'আমাকে গো ব্যাক স্লোগান দিয়ে কী হবে? আমি কি এখানে থাকতে এসেছি নাকি! আমি তো চলেই যাচ্ছি। আমার মিটিং আছে, আমি বুক স্টল দেখে চলেই যাচ্ছি।'

সকাল থেকেই বুকস্টল নিয়ে তুলকালাম কাণ্ড কলেজ স্ট্রিটে। দফায় দফায় SFI ও ABVP-র সংঘর্ষে উত্তপ্ত কলেজ স্ট্রিট চত্বর। অবরুদ্ধ হয়ে যায় যান চলাচল। বই হাতে মুখোমুখি চলে আসে দুই ছাত্র সংগঠনের সদস্যরা।  ABVP-র বক্তব্য, যাঁরা স্বামীজিকে অপমান করে এই কলেজস্ট্রিটের মাটিতে, তাঁদের কোনও বইয়ের স্টল দিতে দেব না। প্রতি বছরের মতো এইবার বইয়ের স্টল ফুটপাথের উপর বসিয়েছিল SFI। প্রথমে পুলিশ ‘না’ বললেও অনুমতি দেয় তাদের। এরপর  SFI-এর পাল্টা বইয়ের স্টল তৈরি করতে যায় ABVP। কিন্তু তাদের কাছে বইয়ের স্টল বসানোর অনুমতি না থাকায় পুলিশ ওঠাতে গেলেই অশান্তি শুরু হয়। জমায়েত হটানোর চেষ্টা করে পুলিশ। এতে ধাক্কাধাক্কির উপক্রম হয়।

এ দিন নিয়ম মেনেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বুকস্টল করে বাম ছাত্র সংগঠন SFI। কিন্তু ABVP-র বুকস্টল খোলার ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও অনুমতি নেই। এমনটাই জানিয়েছে লালবাজার। 

SFI-এর এক ছাত্রনেতা বলেন, 'পুলিশের অনুমতি নিয়ে আমরা ফ্লেক্স সাজাচ্ছিলাম। ফ্লেক্সের ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ঋত্বিক ঘটক, সুকান্ত ভট্টাচার্যদের ছবি ছিল, সেগুলি ছিড়ে ফেলা হয়েছে। কিছুদিন আগে পথের দাবি পায়ে মাড়িয়েছে। বলেছে ওটা জিহাদিদের বই।' পাল্টা সংবাদমাধ্যমে ABVP-র স্বাধীন হালদার বলেন, ‘গত ১৭ নভেম্বর ওরা (SFI) যে বুকস্টল করেছিল, তার কোনও অনুমতি ছিল না। তারপরেও ওরা রাস্তা অবরোধ করে বসেছিল। আমরা লালবাজার, জোড়াসাঁকো থানার পুলিশ, পুরসভাকে ইমেল করে জানিয়েছি। পুলিশ জানে, ওরা ABVPকে গালাগালি দেয়, মানুষকে গালাগালি দেয়। তবে আমরা দমব না।' অভিযোগ, SFI-এর স্টলের সামনে থাকা গার্ডরেলে ধাক্কা মারতে শুরু করেন ABVP-র সদস্যরা। রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘মার্কসবাদ বাংলার মাটিতে চলবে না। এরা চিনের দালাল। দেশবিরোধী চক্রান্তের সঙ্গে যুক্ত।’   পরিস্থিতি সামলাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যারিকেডে ঘিরে দিলেও অশান্তি তো কমেইনি, উল্টে পরিবেশ আরও তপ্ত হয়ে উঠেছে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement