
সম্প্রতি হাওড়ার শিবপুর থানার অন্তর্গত চওড়া বস্তি এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেই সংঘর্ষকে কেন্দ্র করে গুলি চলে। হয় বোমাবাজি। আর সেই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আর এমন ভয়ের আবহের মধ্যেই মাইকিং শুরু করল বিজেপি। তাদের আবেদন, 'ভুয়ো বিজেপি সমর্থকদের থেকে সতর্ক থাকুন।'
যতদূর খবর, হওড়ার শিবপুরের ৩৬ নম্বর ওয়ার্ডে বিজেপি সমর্থকেরা গাড়িতে মাইক লাগিয়ে প্রচার শুরু করেছে। মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানান হচ্ছে।
তাদের দাবি, যারা এতদিন তৃণমূলের 'দালাল' ছিল, তারাই এখন বিজেপির জয়ের পর পাল্টি খেয়ে গেরুয়া দলের পতাকা লাগাচ্ছে। তারাই ভয় দেখাচ্ছে, চমকাচ্ছে ও তোলা তুলছে। তাই তাদের থেকে সাবধান থাকতে হবে।
এখানেই শেষ না করে তারা আরও জানায়, যদি কোনও ব্যক্তি কোনও ধরনের তোলাবাজি করে বা ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে দ্রুত মাইনরিটি সেলের সিকন্দরজির কাছে অভিযোগ জানাতে হবে। তাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
যতদূর খবর, আর এই হাওড়ার এই ঘটনার পর এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে এবং প্রশাসন পরিস্থিতির উপর কড়া নজর রাখছে।
কেন এমন পরিস্থিতি?
রাজ্যে ইতিমধ্যেই পালাবদল হয়েছে। বিপুল জনমত নিয়ে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি। তারপর থেকেই কিছু জায়গায় ঝামেলা অশান্তির খবর মিলছে। আর ঠিক সেভাবেই হাওড়ার শিবপুর থানার অন্তর্গত চওড়া বস্তি এলাকায় কয়েক দিন আগে বিজেপি ও তণমূল কংগ্রেসের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। আর তাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
যদিও এখন বিজেপির তরফে জানান হয়েছে, তৃণমূলের লোকজনই বিজেপি সেজে এই কাজটা করছে। তাই এমন পরিস্থিতিতে সাবধান হতে হবে। কোনও সমস্যা হলে যোগাযোগ করতে।