
আরজি কর কাণ্ডে মেয়ের মৃত্যুর সুবিচারের দাবিতে ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হতে চলেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। রাজ্যে সরকার পরিবর্তনের পরও মেডিক্যাল কলেজগুলিতে দুর্নীতি বন্ধ হয়নি বলে অভিযোগও তুলেছেন তিনি। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে নির্যাতন ও হত্যা মামলায় সিবিআই তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রত্না দেবনাথ।
পানিহাটির বিধায়ক কী বলছেন?
রত্না দেবনাথের অভিযোগ, আরজি করে ঘটে যাওয়া নির্যাতন ও খুনের মামলার তদন্ত ঠিক ঠাক হচ্ছে না। পানিহাটির বিধায়ক স্পষ্ট বলছেন, ‘সিবিআই না পারলে ছেড়ে দিক।’ সেই সঙ্গে তাঁর আরও অভিযোগ, আরজি কর-সহ বিভিন্ন মেডিক্যাল কলেজে দুর্নীতি চলছেই। সমস্ত অভিযোগ ও দাবি জানাতে ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন আরজি করের নির্যাতিতার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ।
প্রসঙ্গত, বিজেপিতে যোগ দেওয়ার আগে থেকেই মেয়ের মৃত্যুর বিচার নিয়ে সরব ছিলেন রত্না দেবনাথ। তাঁর বক্তব্য ছিল, সরকার পরিবর্তন না হলে সুবিচার পাওয়া কঠিন। সেই লক্ষ্যেই রাজনীতিতে যোগ দিয়ে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পানিহাটি কেন্দ্র থেকে তিনি বিজেপির প্রার্থী। পরে এই কেন্দ্র থেকে জয়ীও হন তিনি। কিন্তু নতুন সরকার ক্ষমতায় আসার পরও তদন্তের অগ্রগতি নিয়ে সন্তুষ্ট নন পানিহাটির বিধায়ক।
রত্না দেবনাথ অভিযোগ করেছেন, আরজি কর মামলায় এখনও সমস্ত অভিযুক্তের বিরুদ্ধে প্রত্যাশিত পদক্ষেপ হয়নি। সিবিআইয়ের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। রত্নার দাবি, তাঁর পরিবার কখনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত চায়নি। কলকাতা হাইকোর্টের নির্দেশেই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। তাঁর কথায়, তদন্তকারী সংস্থা যদি কাজ করতে না পারে, তাহলে তাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
প্রসঙ্গত, আরজি করের দুর্নীতির মামলায় ইতিমধ্যেই জামিন পেয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তাঁর ঘনিষ্ঠ সুমন হাজরা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্ত নিয়ে নতুন করে অসন্তোষ প্রকাশ করেছেন রত্না দেবনাথ। স্বাভাবিকভাবেই শাসকদলের বিধায়কের মুখে এমন অভিযোগ রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে। এই নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়। রত্না দেবনাথকে আশ্বস্ত করেছেন তিনি।
কী বলছেন বাংলার স্বাস্থ্যমন্ত্রী?
রত্না দেবনথাকে সিবিআই তদন্তে ক্ষোভ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায় বলছেন, ‘সিবিআই রাজ্য সরকারের হাতে নয়।’ একই সঙ্গে তাঁর দাবি, পানিহাটির বিধায়কের অভিযোগের বিষয়টি তিনি জানতেন না। দাবি পূরণের সমস্ত রকম চেষ্টা করা হচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বলছেন, ‘বিষয়টি জানতাম না। এই প্রসঙ্গে জানতে দিদিভাইকে ফোন করব।’ তাঁর দাবি, স্বাস্থ্য দফতরের তরফে রত্না দেবনাথের সমস্ত দাবি পূরণ করা হয়েছে। নতুন করে তদন্ত শুরু করেছে দফতর। তিনি আরও বলেন, ‘মুখ্যমন্ত্রীর পরিধিতে যা করণীয় তার সব কিছু করেছেন শুভেন্দু অধিকারী। একের পর এক গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে।’ সিবিআই তদন্ত ও সুবিচার সংক্রান্ত বিষয়ে পানিহাটির বিধায়কের আরও দাবি শুনতে তাঁর কথা শোনা হবে বলেও আশ্বাস দিয়েছেন শ্বারদ্বত মুখোপাধ্যায় । যদিও স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন , রাজ্য সরকারের হাতে নেই সিবিআই।