
রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্যাক্সিতে মিলল দেহ। এমন চাঞ্চল্যকর ঘটনাই ঘটেছে ট্যাংরার পিলখানা এলাকায়। শহরের একটি বন্ধ বিলাসবহুল গাড়ির ভিতর থেকে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঘিরে প্রথমে চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর সকালে এন্টালি থানায় খবর আসে ২৫ ডিসি দে রোডের সামনে একটি বিলাসবহুল গাড়ির দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে এবং সেটি ভিতর থেকে লক করা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় গাড়ির ভিতরে পিছনের সিটের সামনে প্রায় ৪৫/৫০ বছর বয়সি এক ব্যক্তি পড়ে রয়েছেন। গাড়িটি ভিতর থেকে লক থাকায় স্থানীয় এক মেকানিকের সাহায্যে তালা ভেঙে তাঁকে বাইরে বের করা হয়। পুরো প্রক্রিয়াটির ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে জানা গিয়েছে।
প্রাথমিকভাবে ওই ব্যক্তির কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। তাঁর নাড়ির স্পন্দনও পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। আরও চাঞ্চল্যকর বিষয়, ব্যক্তির পা দড়ি দিয়ে বাঁধা ছিল বলে জানা গিয়েছে। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ঘটনার প্রকৃত কারণ কী, কীভাবে ওই ব্যক্তি গাড়ির ভিতরে এলেন এবং তাঁর পা কেন বাঁধা ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের সায়েন্টিফিক উইং এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের দল। ঘটনাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। । কীভাবে ওই ব্যক্তি গাড়িতে এলেন, তাঁর পরিচয় কী এবং মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তি ওই ক্যাবের চালক। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই ব্যক্তিকে খুন হয়ে থাকতে পারেন। কিন্তু কে বা কারা কেন তাঁকে খুন করলেন তা নিয়ে ধোঁয়াশা। মৃত ব্যক্তির সঙ্গে কারও শত্রুতা ছিল কি না, তাও দেখা হচ্ছে। প্রশ্ন উঠছে যদি খুন হয়ে থাকেন তাহলে কোথায় খুন? অন্য জায়গায় খুনের পর এন্টালি থানা এলাকায় গাড়িটি রেখে যাওয়া হয়েছে? সব কিছু জানতে তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।