Advertisement

Bratya Basu: 'ধরুন উনি কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!' অভিযোগ উড়িয়ে বললেন ব্রাত্য

বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পর আর প্রকাশ্যে রাজনৈতিক মঞ্চে দেখা যায়নি তাঁকে। সেই ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR দায়ের করেছেন জনৈক মহিলা। অভিযোগ, কুপ্রস্তাব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। অভিযোগ অস্বীকার করলেন ব্রাত্য। সঙ্গে জানালেন তৃণমূলের হারে তাঁর কষ্ট হয়নি।

ব্রাত্য বসু ব্রাত্য বসু
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Nov 2026,
  • अपडेटेड 7:05 PM IST
  • ব্রাত্য বসুর বিরুদ্ধে FIR দায়ের করেছেন জনৈক মহিলা
  • কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার প্রাক্তন মন্ত্রীর
  • সঙ্গে জানালেন তৃণমূলের হারে তাঁর কষ্ট হয়নি

বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে আর চোখেই দেখা যায়নি। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ব্রাত্য বসু দলের শোচনীয় পরাজয়ের পর কোনও কর্মসূচিতেই যোগ দেননি। হঠাৎ করেই খবরের শিরোনামে প্রাক্তন মন্ত্রী। মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দায়ের হয়েছে FIR-ও। এই নিয়ে এ বার কী বলছেন ব্রাত্য? তৃণমূলের হারের পর কী অনুভূতি ছিল, সে কথা নিজেই শেয়ার করলেন সংবাদমাধ্যমে। 

তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্রাত্য বসু। ওই মহিলাকে তিনি কখনও চোখেই দেখেননি বলে দাবি করেছেন। ব্রাত্য বসু এবং ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো FIR দায়ের করেছেন ২ মহিলা। তাঁদের দাবি, ফোনে কুপ্রস্তাব দেন ব্রাত্য। প্রস্তাবে রাজি না হওয়ায় বদলি সহ নানা ভাবে হেনস্থাও করা হয় তাঁকে। 

এ প্রসঙ্গে ব্রাত্য বলেন, 'আমি তো দেখিইনি অভিযোগকারিণীকে। চোখে তো দেখতে হবে, ফোনে একটা মেসেজ অন্তত থাকতে হবে। CCTV তো থাকতে হবে যে তিনি আমার ঘরে ঢুকেছেন। আমার সরকারি আধিকারিকদের টপকে আসতে হতো তাহলে। আমার তো তেমন কিছু মনে পড়ছে না।' শুনলাম বাংলা অ্যাকাডেমিতে নাকি অস্থায়ী কর্মী ছিলেন। গোটা বিষয়টা আমার শুধুমাত্র হাস্যকর মনে হয় না এক ধরনের চক্রান্তও মনে হয়।'  ব্রাত্য আরও বলেন, 'আমি যদি উল্টোটা বলি! ধরুন যদি সত্যিই দেখা হয়েছে, আসলে উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন আর আমি তাতে রাজি হইনি! তাই এখন ক্ষেপে গিয়ে বলছেন। কারণ ওই দফতরের মন্ত্রী এখন জেলে তাই বলেও লাভ নেই।'

এর পাশাপাশি দলের পরাজয় নিয়েও মুখ খুলেছেন ব্রাত্য। তিনি জানিয়েছেন, তৃণমূলের হারে কোনও কষ্ট হয়নি। প্রাক্তন মন্ত্রী বলেন, 'আমি আমার থিয়েটার করছিলাম। শ্যুটিং রয়েছে সামনে। লেখালেখি বেরিয়েছে। একটি সিরিজ লিখছিলাম। নাট্যপত্র প্রকাশিত হয়েছে। আসলে আমার দল কোনটা বুঝতে পারছি না। আমি কোনও পক্ষেই নেই। আমার প্রাক্তন দল এখন ৩টি ভাগ হয়েছে।' তবে কোন তৃণমূলে যেতে পারেন ব্রাত্য? জবাবে বলেন, 'সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোনও অস্তিত্ব নেই আর। ভোটের ফলাফলের পর ৪-৫ দিন তেড়ে ঘুমোলাম। আত্মসমীক্ষার প্রয়োজন ছিল। অনেকটা রিলিভড ফিল হচ্ছিল। আগামী দিনে রাজনীতি করব কি না জানি না, তবে তৃণমূলেই যে যেতে হবে, তার তো কোনও মানে নেই।'

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement