
রাতারাতি বাড়তে চলেছে পাউরুটির দাম। স্যান্ডউইচ, টোস্ট হোক কিংবা ডিম পাউরুটি, প্রতিদিনের খাবারে এর ব্যবহার প্রতি ঘরে ঘরে। ফলে দাম বাড়ায় খরচ বাড়বে হেঁশেলের। কিন্তু কেন পাউরুটির দাম বাড়াচছে বেকারি সংস্থাগুলি?
কেন বাড়ছে পাউরুটির দাম?
টানা ৩ মাস শিল্পে ব্যবৃহত ডিজেল বিক্রি না করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সরকারের পেট্রোলিয়াম মন্ত্রক সম্প্রতি এক নোটিফিকেশন জারি করে দেশের তিনটি পেট্রোলিয়াম সংস্থাকে জানিয়ে দিয়েছে, তাদের নিয়ন্ত্রিত পেট্রল পাম্পগুলি থেকে যেন শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ও বাণিজ্যক গাড়িতেই প্রয়োজনীয় ডিজেল দেওয়া হয়। কোনও ধরনের খোলা পাত্র, জ্যারিকেন বা ড্রামে ডিজেল-পেট্রোল ও বিক্রি করা যাবে না। সঙ্কটে পড়েছে রাজ্যের প্রায় ৩ হাজার বেকারি ও বিস্কুট কারখানাগুলি। ৯৫ শতাংশ বেকারিগুলি অর্ধেক উৎপাদন কমিয়ে দিয়েছে কিংবা বেশ কিছু গ্রামাঞ্চলের বেকারি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। বিপাকে পড়েছেন বেকারি শিল্পের সঙ্গে জড়িয়ে ২৫ লক্ষ শ্রমজীবী মানুষ।
পাশাপাশি রাজ্য জুড়ে একটা বিরাট পরিমান পাউরুটি সরকারি, বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম,বহু স্বেচ্ছাসেবী সংঘটন ও অন্যান্য প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়ে থাকে। এই উৎপাদন স্বাভাবিক না থাকায় পাউরুটি বেশি দামে বিক্রি করা শুরু হয়েছে। এ কথা অজানা নয় পশ্চিমবঙ্গ বেকারি অ্যাসোসিয়েশনের রাজ্য দফতরেরও।
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি
গত সোমবার ওই সংঘঠনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে জরুরি ভিত্তিতে একটি চিঠিতে বিষয়টির গুরুত্ব বুঝে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। বেকারি সংগঠন জানিয়েছে, কেন্দ্রের নির্দেশিকা দ্রুত প্রত্যাহার না হলে পাউরুটির দাম বাড়িয়ে দেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না।
কত দামে মিলছে পাউরুটি?
বাজারে দাম বাড়িয়ে দিয়েছে কোনও কোনও সংস্থা। তালিকায় রয়েছে মডার্ন, ব্রিটানিয়া, মেট্রো গোল্ড, শুভনারায়ণ এবং ব্যারন। সূত্রের খবর, ৪০০ গ্রাম অর্থাৎ ১ পাউন্ড পাউরুটির (হোয়াইট স্লাইসড ব্রেড) দাম ৪ টাকা বাড়ানো হয়েছে। ৩৬ টাকার পাউরুটি এবার থেকে কিনতে হবে ৪০ টাকায়। আবার ৪০০ গ্রাম হোলউইট এবং মাল্টিগ্রেন ব্রেডের দাম ৫ টাকা বাড়ানো হচ্ছে বলে সূত্রের খবর।