
তৃণমূল কংগ্রেসের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সীমিত পরিসরে লেনদেন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে ওই লেনদেনের উপর নজরদারির জন্য একজন বিশেষ আধিকারিক (স্পেশাল অফিসার) নিয়োগ করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ আধিকারিক হিসেবে নিয়োগ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী, তৃণমূল কংগ্রেসের দুই দায়িত্বপ্রাপ্তের স্বাক্ষরযুক্ত চেকের ভিত্তিতেই অর্থ খরচের অনুমতি দেবেন তিনি।
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, এই অন্তর্বর্তী ব্যবস্থা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।
আদালত আরও স্পষ্ট করেছে, তৃণমূল কংগ্রেস যে Supplementary Affidavit জমা দিয়েছে, তার ভিত্তিতে শুধুমাত্র রাজনৈতিক দলের দৈনন্দিন প্রশাসনিক ও সাংগঠনিক কাজ চালানোর জন্য প্রয়োজনীয় খরচের অনুমতি দেওয়া যাবে।
হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, দৈনন্দিন খরচ ছাড়া অন্য কোনও ধরনের ব্যয় বিশেষ আধিকারিক অনুমোদন করতে পারবেন না।
তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সীমিত লেনদেনের অনুমতি দিতে গিয়ে আদালত পর্যবেক্ষণ করেছে, অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার জন্য পুলিশ যে তথ্য ও নথি আদালতে পেশ করেছে, তাতে আদালত সন্তুষ্ট নয়।
তৃণমূলের কোন অংশ ‘আসল তৃণমূল’, কারা টাকা তুলে ব্যবহার করতে পারবে, তা অবশ্য হাইকোর্টের এই পর্যবেক্ষণ থেকে স্পষ্ট নয়। শুধু জানানো হয়েছে, ৩টে অ্যাকাউন্টের জন্য ২ জন সই করবেন এবং স্পেশাল অফিসার তাতে সই করে দিলে ব্যাঙ্ক টাকা দেবে। প্রতিদিনের খরচের জন্য টাকা তোলা যাবে। একটা দলকে চালাতে গেলে রোজ যে টাকা দরকার হয়, সেটাই তোলা যাবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।