Advertisement

Mosque Loudspeakers: মসজিদের মাইক সরানো কি বেআইনি? মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট

মসজিদ থেকে মাইক সরানোর অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গে। তার বিরুদ্ধেই এবার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। এরপর এই মামলার শুনানি হবে।

মসজিদের লাউডস্পিকারমসজিদের লাউডস্পিকার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2026,
  • अपडेटेड 4:48 PM IST
  • মসজিদ থেকে মাইক সরানোর অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গে
  • তার বিরুদ্ধেই এবার মামলা গ্রহণ করল কলকাতা হাইকোর্ট
  • এরপর এই মামলার শুনানি হবে

মসজিদ থেকে মাইক সরানোর অভিযান শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার। সেই মতো অ্যাকশন নিচ্ছে পুলিশ। তারা মসজিদে গিয়ে লাউডস্পিকার খোলার কাজ শুরু করেছে। তবে এই প্রক্রিয়ার বিরুদ্ধেই এবার মামলা হল কলকাতা হাইকোর্টে। আর রাজ্যের সর্বোচ্চ আদালত সেই মামলা গ্রহণ করেছে। এরপর হবে শুনানি।

আসলে পশ্চিমবঙ্গ সরকারের এই অভিযানের বিরুদ্ধে আবেদনকারী দানিশ ফারুকি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) করেছেন। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মামলা দায়ের করেছেন। মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর প্রক্রিয়ার বৈধতাকেই চ্যালেঞ্জ করা হয়েছে ওই আবেদনে। 

মামলাকারীর দাবি, কোনও সরকারি বিজ্ঞপ্তি বা লিখিত নির্দেশিকা জারি না করেই পুলিশকে দিয়ে মাইক খোলানোর কাজ হচ্ছে। শুধুমাত্র ‘মৌখিক নির্দেশ’-এর মাধ্যমেই চলছে গোটা প্রক্রিয়া। আবেদনকারীর বক্তব্য, এই প্রক্রিয়া অসাংবিধানিক এবং আজান সংক্রান্ত আগে আদালত যা নির্দেশ ও রায় দিয়েছিল, তার পরিপন্থী।

অন্যদিকে আব্দুল সামাদ নামে আরও এক ব্যক্তি অন্য একটি আবেদন করেছেন। রাজাবাজার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত আগামী ১১ অগস্ট একটি প্রতিবাদ মিছিল করার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মসজিদ থেকে মাইক সরানোর প্রতিবাদেই এই মিছিলের আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

যদিও নিজেদের সপক্ষে বক্তব্য রেখেছে রাজ্য সরকারও। তাদের দাবি, মাইক সরানোর এই অভিযান কোনও নির্দিষ্ট ধর্মকে টার্গেট করে করা হচ্ছে না। ২০২০ সালে কলকাতা হাইকোর্ট শব্দদূষণ সংক্রান্ত যে নির্দেশিকা দিয়েছিল, সেটা মেনেই এই পদক্ষেপ করা হচ্ছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই রাজ্যের ৩৪টি পুলিশ জেলাতেই মসজিদ এবং মন্দির, দুই জায়গা থেকেই নিয়মবহির্ভূত মাইক সরানো হচ্ছে।

যতদূর খবর, জনস্বার্থ মামলাটির শুনানি হতে পারে আগামী বৃহস্পতিবার। অন্যদিকে, ১১ অগস্টের প্রস্তাবিত প্রতিবাদ মিছিল সংক্রান্ত আবেদনের শুনানি আজই হতে পারে বলে জানা গিয়েছে। এখন দেখার দুই মামলায় ঠিক রায় দেয় কলকাতা হাইকোর্ট। 
 

 

Read more!
Advertisement
Advertisement