
ফের বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে। দীর্ঘদিনের বিশস্ত চন্দ্রিমা ভট্টাচার্যও এবার তাঁর হাত ছাড়লেন। জানা গিয়েছে, তিনি দলের রাজ্য সভাপতি সহ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন, দীর্ঘদিনের এই রাজনৈতিক অনুগত সঙ্গী। দলের তরফে তাঁকে স্বাক্ষর করার যে অধিকার দেওয়া ছিল, সেটিও ছেড়ে দিচ্ছেন বলে দিদিকে জানিয়েছেন ়চন্দ্রিমা। তবে কী কারণে তাঁর এই সিদ্ধান্ত তা অবশ্য খোলসা করেননি প্রকাশ্যে। চন্দ্রিমাও কি এবার ঋতব্রতপন্থীদের দলে নাম লেখালেন, তা অবশ্য এখনও জানা যায়নি।
এক এক করে সমস্ত বিশ্বস্ত সহকর্মীরাই ছাড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের মতো বিশ্বস্তরা আগেই সঙ্গ ছেড়ে ঋতব্রতদের দলে যোগ দিয়েছেন। এবার কি চন্দ্রিমাও সেই পথেই? উঠছে প্রশ্ন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ও বিক্ষুব্ধদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ব্লক গঠনের পর মমতা যে নতুন কমিটি তৈরি করেছিলেন, তাতে তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সব কর্মসূচিতেই দেখা যাচ্ছিল চন্দ্রিমাকে। সম্প্রতি দক্ষিণ কলকাতার কর্মীদের নিয়ে একটি কর্মিসভায় নেতৃত্বও দেন চন্দ্রিমা। ফলত আচমকা এই ইস্তফা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
দিনকয়েক আগে নিউ টাউনের হোটেলে তৃণমূলের বিধায়ক-কাউন্সিলদের বৈঠকে উপস্থিত ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ। সে সময়ে চন্দ্রিমা অবশ্য bangla.aajtak.in-কে বলেছিলেন, ছেলের সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত।