
সামনেই ছটপুজো। তার আগেই রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরেও ছটের অনুমতি দেওয়া হবে বলে জানালেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা। যার ফলে দীর্ঘ ৯ বছর পর এই দুই সরোবরে ছটপুজো হতে চলেছে।
আসলে ছটপুজোর আগে আগাম সতর্কতা নিচ্ছে সরকার। সেই মতো মুখ্যমন্ত্রীর নির্দেশে, শহর থেকে জেলার পুকুর-নদীঘাটগুলিতে নজরদারি চালাচ্ছেন পুর দফররের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবারও তিনি গঙ্গাবক্ষ থেকে হাওড়া ও কলকাতার ঘাটগুলি পরিদর্শন করেন অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই ও পুর-কমিশনার স্মিতা পাণ্ডে।
এই সময়ই মন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজনীতি করে হিন্দুদের উৎসব বন্ধ করা হয়েছিল। তবে এবার তেমনটা হচ্ছে না। চলতি বছর রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরেও ছটে অনুমতি দেওয়া হবে। সেই সঙ্গে গঙ্গার ঘাটগুলিতে পুণ্যার্থীদের সুরক্ষায় একগুচ্ছ গাইডলাইনও প্রকাশ করলেন মন্ত্রী।
আসলে চলতি বছর ছটপুজো নিয়ে আগেভাগে প্রস্তুতি সেরে রাখতে চাইছে প্রশাসন। সেই মতো একাধিক ঘাটে পর্যবেক্ষণ চলছে। পুকুর বা সরোবরের জল যাতে দূষিত না হয়, সেটা নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী।
অগ্নিমিত্রা জানান, এবার প্রত্যেকটি পুকুর-লেক-গঙ্গার ঘাটে ছট পুজো করা হবে। ছটের পুণ্যার্থীদের জন্য পুকুরগুলিতে পেভার ব্লক দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি হবে। শুধু তাই নয়, সব ঘাটে চেঞ্জিং রুম, বায়ো টয়লেটের ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন পুরমন্ত্রী। সেই সঙ্গে, সূর্যোদয়ের আগে ছটপুজোর নিয়ম মেনে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, 'দিক নির্দেশনায় জন্য এলাকায় সাইনবোর্ড টাঙানো হবে। ঘাটগুলিতে এমার্জেন্সি নম্বর দেওয়া থাকবে।'
পুরমন্ত্রী জানান, বিপদ এড়াতে তৈরি থাকবে প্রশাসন। সেক্ষেত্রে ভিড় এড়াতে একই সময়ে প্রচুর মানুষ জলে নামতে পারবেন না। এটা নিশ্চিত করবেন ভলান্টিয়াররা।
এরপরই তিনি জানান, এবার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছটপুজো করা যাবে। মন্ত্রী বলেন, 'এবছর আমরা রবীন্দ্র সরোবরে ছট পুজো করতে দেব। না হলে সেখানকার মানুষ যাবেন কোথায়? বিগত সরকারের আমলে সরোবরে ছটপুজো বন্ধ হয়ে গিয়েছিল। এবার সেটা হবে না। জলে নেমে পুজো করে সঙ্গে সঙ্গে সমস্ত সামগ্রী তুলে নিতে হবে।'
প্রসঙ্গত, ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের নির্দেশ মেনে ২০১৭ সালে সুভাষ সরোবরে ও রবীন্দ্র সরোবরে ছটপুজো বন্ধ করা হয়। দীর্ঘ ন’বছর ধরে এই দুই সরোবরে পুজো হয়নি। তবে এবার সেই নিয়ম বদলাতে চলেছে বলে জানালেন অগ্নিমিত্রা।