
কলকাতার চোরবাগান সর্বজনীনের পুজোয় ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় এবার বড় আপডেট। পদপিষ্ট হওয়ার ঠিক আগের মুহূর্তে ক্লাবের পক্ষ থেকে বিভ্রান্তিমূলক ঘোষণা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এবার সেই ঘোষণার ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ নদিয়া থেকে তাঁকে পাকড়াও করেছে বলে জানানো হয়েছে।
অভিযোগ, সেই দুর্ভাগ্যজনক সপ্তমীর রাতে প্রচণ্ড ভিড়ের মধ্যেই ঘোষণা করা হয়েছিল, প্যান্ডেলের একটি অংশ ধসে পড়তে চলেছে। আর এই ঘোষণার পরেই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। যাতে মার্মান্তিক ভাবে মৃত্যু হয় কমপক্ষে ১৯ জনের। এছাড়াও, জখম হন আরও ২৫ জন।
সূত্রের খবর সেন্টু চোরবাগান সর্বজনীনের পুজো কমিটির কোষাধ্যক্ষ পদে ছিলেন। বর্তমানে তাঁকে গ্রেফতারের পর লালবাজারে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ঠিক কার নির্দেশে তিনি ওই ঘোষণা করেছিলেন, তা জানতে চাইছে পুলিশ।
প্রসঙ্গত, এই ঘটনায় পরের দিনই পুলিশ আটক করে মোট ১৪ জনকে। জিজ্ঞাসাবাদের পর তাঁদের মধ্যে থেকে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে পুজো কমিটির সম্পাদক, সহ-সভাপতি, বেসরকারি নিরাপত্তা সংস্থার দুই আধিকারিক-সহ আরও বেশ কয়েকজন রয়েছেন।
অন্যদিকে ঘটনার পর থেকেই প্যাণ্ডেল সংলগ্ন এলাকায় রয়েছে কড়া নিরাপত্তা। সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের স্বার্থে কলকাতা পুলিশ ও পুরসভাকে বাইরে রেখে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়েছে। সেই SIT এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে। খুব তাড়াতাড়ি তদন্তকারী দলের প্রতিনিধিরা রিপোর্ট প্রস্তুত করবেন বলে দাবি করা হয়েছে।