Advertisement

Christian Conversion Row In Bengal: ধর্মান্তরণ নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, বাংলার খ্রিস্টানদের সংখ্যা কতটা বেড়েছে?

১৫ নভেম্বর কলকাতায় বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি খ্রিস্টান মিশনারি স্কুল এবং তাদের পরিচালনা পদের কর্তাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন । তিনি অভিযোগ করেন যে কলকাতার একটি অভিজাত মিশনারি স্কুলে বিজেপির এক মহিলাকর্মী শিক্ষিকাকে স্কুলে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের সামনে যেন 'পদ্মফুল' শব্দের উল্লেখও না করেন ।

প্রতিীকী ছবি প্রতিীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2026,
  • अपडेटेड 10:07 PM IST
  • সম্প্রতি ধর্মান্তরণ নিয়ে সরব হয়েছেন শমীক ভট্টাচার্য
  • এমনকী তিনি এও জেনেছেন যে কলকাতার এক স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে

পশ্চিমবঙ্গে কি বাড়ছে খ্রিস্টান ধর্মান্তরণ? খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে জোর করে ধর্মান্তরণের অভিযোগ তুলেছে রাজ্যের শাসকদল বিজেপি। পাল্টা খ্রিস্টান সংগঠনগুলির দাবি, কোনও নির্দিষ্ট প্রমাণ ছাড়াই গোটা সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা হচ্ছে। এমনকী ধর্মান্তরণের অজুহাতে গির্জা ও প্রার্থনাসভায় হামলার অভিযোগও উঠছে। এই বিতর্কের মধ্যেই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের জনসংখ্যা আসলে কত? গত কয়েক দশকে তাঁদের সংখ্যা কতটা বেড়েছে? সরকারি জনগণনার পরিসংখ্যান কি সত্যিই ধর্মান্তরণের কোনও ইঙ্গিত দিচ্ছে?

পশ্চিমবঙ্গে খ্রিস্টান জনসংখ্যা কত?

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সালের জনগণনায় পশ্চিমবঙ্গে খ্রিস্টান জনসংখ্যা ছিল ৬ লক্ষ ৫৮ হাজার ৬১৮। রাজ্যের মোট জনসংখ্যার নিরিখে যা প্রায় ০.৭২ শতাংশ। অর্থাৎ, পশ্চিমবঙ্গের জনসংখ্যার এক শতাংশেরও কম খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। অন্যদিকে, ২০০১ সালের জনগণনায় রাজ্যে খ্রিস্টান জনসংখ্যা ছিল ৫ লক্ষ ১৫ হাজার ১৫০। অর্থাৎ, এক দশকে সংখ্যার নিরিখে বৃদ্ধি পেয়েছিল প্রায় ২৭.৮৫ শতাংশ।

এখানে আরও একটি পরিসংখ্যান উল্লেখযোগ্য। ২০০১ সালে রাজ্যের মোট জনসংখ্যা ছিল প্রায় ৮ কোটি ১ লক্ষ ৭৬ হাজার। ২০১১ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় ৯ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার। ফলে রাজ্যের মোট জনসংখ্যা বৃদ্ধির তুলনায় খ্রিস্টান জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ছিল। ২০০১ সালে রাজ্যে খ্রিস্টানদের জনসংখ্যার অনুপাত ছিল প্রায় ০.৬৪ শতাংশ, যা ২০১১ সালে বেড়ে হয় ০.৭২ শতাংশ।

কিন্তু এই পরিসংখ্যান থেকে কি বলা যায়, পশ্চিমবঙ্গে ব্যাপক হারে ধর্মান্তরণ হয়েছে? সমাজতত্ত্ববিদদের মতে, না। কারণ জনসংখ্যা বৃদ্ধির পিছনে জন্মহার, মৃত্যুহার, স্থানান্তর এবং ধর্মীয় পরিচয়ের পরিবর্তন-সহ একাধিক কারণ থাকতে পারে। শুধু জনগণনার সংখ্যা দিয়ে ধর্মান্তরণের প্রকৃত হার নির্ধারণ করা সম্ভব নয়।

ধর্মান্তরণ নিয়ে কেন বিতর্ক?

সম্প্রতি ধর্মান্তরণ নিয়ে সরব হয়েছেন শমীক ভট্টাচার্য। ১৫ নভেম্বর কলকাতায় বিরসা মুন্ডার জন্মবার্ষিকীর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির রাজ্য সভাপতি খ্রিস্টান মিশনারি স্কুল এবং তাদের পরিচালনা পদের কর্তাদের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন । তিনি অভিযোগ করেন যে কলকাতার একটি অভিজাত মিশনারি স্কুলে বিজেপির এক মহিলাকর্মী শিক্ষিকাকে স্কুলে গেরুয়া শাড়ি পরে স্কুলে আসতে নিষেধ করা হয়েছে এবং ছাত্রছাত্রীদের সামনে যেন 'পদ্মফুল' শব্দের উল্লেখও না করেন । তিনি আরও অভিযোগ করেছেন যে আসানসোল ও বর্ধমান অঞ্চলে কলকাতার এক নামী খ্রিস্টান মিশনারি কলেজের অধ্যক্ষ জোরপূর্বক ধর্মান্তরণের কাজ চালিয়ে যাচ্ছেন । এমনকী তিনি এও জেনেছেন যে কলকাতার এক স্কুলের আধিকারিকের টেবিলে পাকিস্তানের পতাকা রাখা রয়েছে ।

Advertisement

তাঁর বক্তব্যের পরেই সরব হয় খ্রিস্টান সংগঠনগুলি। বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা এবং ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ ক্রিশ্চিয়ান স্কুলস বিজেপি সভাপতিকে চিঠি দিয়ে অভিযোগের নির্দিষ্ট প্রমাণ প্রকাশের দাবি জানিয়েছে। কোন স্কুল, কলেজ বা ব্যক্তি জোর করে ধর্মান্তরণের সঙ্গে যুক্ত, তা স্পষ্ট করার দাবি তুলেছে তারা। সংগঠনগুলির বক্তব্য, বেআইনি ধর্মান্তরণকে তারা সমর্থন করে না। কিন্তু প্রমাণ ছাড়া গোটা খ্রিস্টান সম্প্রদায় এবং তাদের পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে সন্দেহের চোখে দেখা উচিত নয়।

ধর্মান্তরণ নিয়ে কী বলছে খ্রিস্টান সম্প্রদায়?

কলকাতার বিশপ পারিতোষ ক্যানিংও এই বিতর্কে নিজের বক্তব্য জানিয়েছেন। তাঁর দাবি, চার্চের তরফে ধর্মান্তরণকে সমর্থন করা হয় না এবং তাঁদের গির্জাগুলিতে এমন কোনও প্রথা চালু নেই। বরং চার্চের নিজস্ব হিসাব অনুযায়ী, সদস্যসংখ্যা কমছে বলেও দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, যদি ব্যাপক হারে ধর্মান্তরণ চলত, তাহলে সদস্যসংখ্যা বাড়ার কথা।

অন্যদিকে, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার প্রতিষ্ঠাতা সম্পাদক হেরোড মল্লিকের দাবি, জোর করে ধর্মান্তরণের অভিযোগকে সামনে রেখে বিভিন্ন জায়গায় খ্রিস্টানদের প্রার্থনাসভায় বাধা দেওয়া হচ্ছে। গির্জায় ভাঙচুর এবং যাজক ও সাধারণ উপাসকদের হেনস্থার ঘটনাও ঘটছে বলে অভিযোগ তাঁর।

হামলার অভিযোগের পরিসংখ্যান কী বলছে?

Evangelical Fellowship of India-র Religious Liberty Commission-এর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালের মে থেকে অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় খ্রিস্টানদের বিরুদ্ধে হিংসা, হুমকি, হেনস্থা এবং প্রার্থনাসভায় বাধা দেওয়ার ৩২টি ঘটনা নথিভুক্ত করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, সবচেয়ে বেশি সাতটি ঘটনা ঘটেছে হাওড়ায়। পশ্চিম মেদিনীপুরে পাঁচটি এবং হুগলিতে চারটি ঘটনা নথিভুক্ত হয়েছে। ১৬ নভেম্বর এই রিপোর্টের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে Christian Today India।

অন্যদিকে, বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা ৪৮টি হামলা ও হেনস্থার ঘটনার দাবি করেছে। আবার India Hate Lab-এর একটি রিপোর্টে মে মাসের পর থেকে ৬০টি ঘটনার উল্লেখ রয়েছে। এর মধ্যে ব্যক্তিগত বাড়িতে প্রার্থনাসভায় হানা এবং হিংসাত্মক হামলার অভিযোগও রয়েছে।

যদিও সমাজতত্ত্ববিদদের মতে, এই তিনটি পরিসংখ্যানকে এক করে দেখা যাবে না। বিভিন্ন সংগঠনের তথ্য সংগ্রহের সময়সীমা এবং ঘটনার সংজ্ঞা আলাদা। এগুলি ধর্মান্তরণের ঘটনার সংখ্যা নয়, বরং খ্রিস্টানদের উপর হামলা, হেনস্থা, প্রার্থনাসভায় বাধা এবং ভাঙচুরের অভিযোগের হিসাব বলা যেতে পারে। 

ধর্মান্তরণ নিয়ে দেশের আইন কী বলছে?

ভারতীয় সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রত্যেকের নিজের ধর্ম পালন, প্রচার এবং ধর্মীয় বিশ্বাস অনুসরণের অধিকার রয়েছে। তবে এই অধিকার অবাধ নয়। জনশৃঙ্খলা, নৈতিকতা ও স্বাস্থ্যের মতো বিষয়গুলির শর্ত রয়েছে।

১৯৭৭ সালে Rev. Stainislaus বনাম State of Madhya Pradesh মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছিল, নিজের ধর্ম প্রচারের অধিকার থাকলেও বলপ্রয়োগ বা প্রতারণার মাধ্যমে অন্য কাউকে ধর্মান্তরিত করার মৌলিক অধিকার নেই। অর্থাৎ, কেউ নিজের ইচ্ছায় ধর্ম পরিবর্তন করলে এবং কাউকে জোর করে বা প্রতারণার মাধ্যমে ধর্ম পরিবর্তনে বাধ্য করলে, দুটিকে এক করে দেখা যায় না।

পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা 

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পশ্চিমবঙ্গে ধর্মান্তরণের প্রকৃত সংখ্যা কত, তার কোনও নির্ভরযোগ্য সরকারি পরিসংখ্যান এখনও সামনে নেই। সর্বশেষ প্রকাশিত ধর্মভিত্তিক জনগণনার তথ্য ২০১১ সালের। ২০২১ সালের জনগণনা না হওয়ায় গত ১৫ বছরে খ্রিস্টান জনসংখ্যার পরিবর্তনের কোনও নতুন সরকারি হিসাবও পাওয়া যাচ্ছে না। সমাজতত্ত্ববিদদের মতে, ফলে একদিকে যেমন ধর্মান্তরণের অভিযোগের নির্দিষ্ট প্রমাণ সামনে আনা প্রয়োজন, অন্যদিকে ধর্মীয় পরিচয়ের কারণে কোনও ব্যক্তির উপর হামলা বা হেনস্থার অভিযোগ থাকলে তার নিরপেক্ষ তদন্তও জরুরি। 

Advertisement

সব মিলিয়ে, পশ্চিমবঙ্গে খ্রিস্টান ধর্মান্তরণ বাড়ছে কি না, সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো পর্যাপ্ত সরকারি তথ্য নেই। জনগণনার পরিসংখ্যান খ্রিস্টান জনসংখ্যার বৃদ্ধি দেখালেও তার কারণ ধর্মান্তরণ, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সুযোগ নেই বলেই মনে করছেন সমাজতত্ত্ববিদরা। 

Read more!
Advertisement
Advertisement