
নতুন করে উত্তপ্ত কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ৮ জন ইন্টার্নের বিরুদ্ধে জারি করা শোকজ নোটিস প্রত্যাহারের দাবিতে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ শুরু হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বিক্ষোভকারীরা কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসকে কয়েক ঘণ্টা ধরে ঘেরাও করে রাখেন। পিটিআইকে আধিকারিকরা জানিয়েছেন, এই সময় এবিভিপির সঙ্গে যুক্ত কয়েক জন কলেজ ক্যাম্পাসে ঢোকে। যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভরত চিকিৎসকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছে।
আসলে মঙ্গলবার আট জন ইন্টার্নকে শোকজ নোটিস দেওয়া হয়েছিল। অভিযোগ, চোরবাগান দুর্গাপুজোর মণ্ডপে পদপিষ্ট হওয়ার ঘটনায় আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানোর সরকারি সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন ওই ইন্টার্নরা। গত ১৭ অক্টোবর উত্তর কলকাতার ওই পদপিষ্ট হওয়ার ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২৫ জন। এরপরই একটি সাংবাদিক বৈঠক করেন জুনিয়র ডাক্তাররা। সেখানে তাঁরা সরকারকে সমালোচনা করে কয়েকটি প্রশ্ন তোলেন।
অভিযোগ, ওই সাংবাদিক বৈঠক যখন করা হয়, তখন জুনিয়র ডাক্তারদের ডিউটিতে থাকার কথা ছিল। বিষয়টি রাজ্য সরকারের নজরে আসে। এরপর মুখ্যমন্ত্রীর দফতর স্বাস্থ্য দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় বলে পিটিআইকে জানিয়েছেন আধিকারিকরা।
মঙ্গলবারের শোকজ নোটিস ঘিরেই বুধবার সকালে বিক্ষোভ শুরু হয়। সহকর্মীদের বিরুদ্ধে কেন এই পদক্ষেপ করা হল, তা জানতে চান ইন্টার্নরা। যে তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে, সেই কমিটির রিপোর্টের কপিও দাবি করেন তাঁরা।
পরে বিষয়টি নিয়ে আলোচনা করতে কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়। তবে অধ্যক্ষের ঘরের বাইরে অবস্থান বিক্ষোভ চালিয়ে যান জুনিয়র ডাক্তাররা। তাঁদের দাবি ছিল, শোকজ নোটিস প্রত্যাহার করতে হবে। এই সময় কয়েক ঘণ্টা ধরে প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাসকেও ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ।
মেডিক্যাল স্টুডেন্টস কাউন্সিলের সঙ্গে যুক্ত এক জুনিয়র চিকিৎসকের অভিযোগ, এবিভিপির সঙ্গে যুক্ত কয়েক জন জোর করে ক্যাম্পাসে ঢোকেন। এরপর তাঁকে এবং বিক্ষোভরত কয়েক জন ইন্টার্নকে মারধর করা হয়।
ওই চিকিৎসকের দাবি, 'ওরা আমাদের এক সিনিয়র সহকর্মীকেও মারধরের চেষ্টা করে। আমি যখন মোবাইলে ঘটনার ছবি তুলতে যাই, তখন ওরা আমার ফোন কেড়ে নেয় এবং আমাকে মারধর করে।'
তবে এবিভিপির রাজ্য সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, এবিভিপির সদস্যদেরই পাল্টা আক্রমণ করা হয়েছে।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও বিষয়টা নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, বিক্ষোভের নামে ঘেরাও করা উচিত নয়। তাঁর কথায়, 'লিখিতভাবে জবাব দেওয়ার জন্য ওদের ইতিমধ্যেই সময় দেওয়া হয়েছে।'
বুধবার রাতে সাংবাদিক বৈঠক করে ইন্টার্নরা অভিযোগ করেন, উচ্চপদস্থ আধিকারিকদের চাপে কলেজ কর্তৃপক্ষ এই পদক্ষেপ করেছে। বিষয়টি নিয়ে নিজেদের মতো করে কোনও মূল্যায়নও করেনি কর্তৃপক্ষ। যদিও স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নির্দেশিকা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।