Advertisement

সাউথ পয়েন্ট স্কুলে রক্তারক্তি, ক্লাস রুমেই সহপাঠীকে আক্রমণ নবম শ্রেণির ছাত্রের

এদিকে ঘটনার পর অভিযুক্ত পড়ুয়াকে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুলের মনোবিদরা তার কাউন্সেলিং করেন। এরপর তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

কলকাতার স্কুলে উত্তেজনা কলকাতার স্কুলে উত্তেজনা
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Sep 2026,
  • अपडेटेड 8:29 PM IST
  • ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা জখম ছাত্রকে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যান
  • সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রুবি জেনারেল হাসপাতালে পাঠানো হয়

কলকাতার নামী স্কুল সাউথ পয়েন্টে সহপাঠীর হামলায় জখম নবম শ্রেণির ছাত্র। বুধবার দুপুরে গড়িয়াহাট থানা এলাকার এই স্কুলের ক্লাসরুমের ভিতরেই ঘটনাটি ঘটে। ধারালো কোনও বস্তু দিয়ে হামলার জেরে রক্তাক্ত হয় ওই পড়ুয়া। তড়িঘড়ি তাকে প্রথমে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যাওয়া হয়। পরে স্থানান্তরিত করা হয় রুবি জেনারেল হাসপাতালে। পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, জখম পড়ুয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

বুধবার দুপুর ১২টা ২৯ মিনিট নাগাদ সাউথ পয়েন্ট হাই স্কুলের নবম শ্রেণির ৯সি বিভাগে ঘটনাটি ঘটে। সেই সময় ক্লাসরুমে উপস্থিত ছিলেন এক শিক্ষক। অভিযোগ, সেই সময়ই এক সহপাঠী ধারালো বস্তু দিয়ে অন্য এক পড়ুয়ার উপর হামলা চালায়। তাতে রক্তাক্ত হয় ওই পড়ুয়া।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা জখম ছাত্রকে স্কুলের ইনফার্মারিতে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে রুবি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। খবর দেওয়া হয় তার পরিবারকেও। পরে ওই ছাত্রের বাবা-মা হাসপাতালে পৌঁছন। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠিন সময়ে পড়ুয়ার পরিবারের পাশে রয়েছে তারা।

এদিকে ঘটনার পর অভিযুক্ত পড়ুয়াকে ক্লাসরুম থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। স্কুলের মনোবিদরা তার কাউন্সেলিং করেন। এরপর তাকে তার বাবার হাতে তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

কলকাতা পুলিশের বক্তব্য অনুযায়ী, স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে, অভিযুক্ত পড়ুয়ার অটিজম স্পেকট্রামে রয়েছে। তবে এই তথ্যের সঙ্গে হামলার কোনও কার্যকারণ সম্পর্ক রয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর মতো তথ্য এখনও সামনে আসেনি।

স্কুল কর্তৃপক্ষের তরফে গড়িয়াহাট থানায় অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে প্রাসঙ্গিক আইনি ধারায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, কীভাবে ক্লাসরুমের ভিতরে ধারালো বস্তু এল এবং ঘটনার আগে কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, সাউথ পয়েন্ট হাই স্কুলের তরফে একটি বিবৃতি দিয়ে ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্কুলের মতো নিরাপদ পরিবেশে এমন ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement