
উত্তরপ্রদেশের সঙ্গে এবার প্রতিযোগিতায় নামছে পশ্চিমবঙ্গ। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রতিযোগিতার কথা বলেছেন। তবে এই প্রতিযোগিতা হবে গাছ লাগানো নিয়ে। সোমবার রাজ্যে চলতি বছরে ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ রোপণের কথা জানিয়ে এই বার্তা দিলেন। 'অরণ্য সপ্তাহ' উপলক্ষে বন দফতরের প্রস্তুতি বৈঠকে তিনি আধিকারিকদের এই বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী।
মঙ্গলবার থেকে শুরু হওয়া অরণ্য সপ্তাহ কর্মসূচির বাস্তবায়ন পর্যালোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ৭৫টি রথযাত্রা মেলায় আয়োজিত সরকারি শিবির (সেবা কেন্দ্র) থেকে সাধারণ মানুষের মধ্যে চারা গাছ বিতরণ করতে হবে।
শুভেন্দু অধিকারী বলেন, "এই শিবিরগুলি থেকে চারা গাছ বিতরণ শুরু করুন। বিশেষ করে ফলের গাছের চারা এবং উপকূলবর্তী এলাকায় বেশি করে নারকেল গাছের চারা বিতরণে উৎসাহ দিন। আমরা এ বছর ৭ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছি।"
দেশের অন্যান্য রাজ্যের বৃক্ষরোপণ কর্মসূচির প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গেরও এক্ষেত্রে পিছিয়ে থাকা উচিত নয়। তিনি বলেন, "আজ সকালে একটি সংবাদমাধ্যমে দেখলাম, উত্তরপ্রদেশে ২৬ কোটি চারা গাছ লাগানোর পরিকল্পনা হয়েছে। কেন্দ্রীয় সমবায়মন্ত্রী অমিত শাহও তাঁর লোকসভা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে ১ কোটি ২০ লক্ষ চারা গাছ লাগাবেন। পশ্চিমবঙ্গও একটি বড় রাজ্য। আমার মনে হয়, এই ক্ষেত্রে আমরাও উত্তরপ্রদেশের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।"
মুখ্যমন্ত্রী বন দফতরের সচিব এবং KMC-র কমিশনারকেও তাঁর ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও বিপুল সংখ্যক চারা গাছ বিতরণের পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেন। পরে X হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী বলেন, "আমি প্রত্যেক নাগরিককে অনুরোধ করছি, অরণ্য সপ্তাহ পালন করুন এবং নিজের মায়ের নামে একটি করে গাছ লাগান।"