
চোরবাগানের দুর্গামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় প্রাথমিকভাবে 'মানুষের ভুল'কেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার তিনি বলেন,'এই ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। তদন্তের দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি সমস্ত দিক খতিয়ে দেখে তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবেন'। তদন্ত কমিটির সুপারিশ রাজ্য সরকার কার্যকর করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়,'যে সুপারিশই করা হোক, রাজ্য সরকার তা কার্যকর করবে। রিপোর্ট পাওয়ার পরই তা বিধানসভায় পেশ করা হবে। সাংবাদিকদেরও দেওয়া হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে'।
চোরবাগানের ঘটনায় মৃত দুই ব্যক্তি শুভম সোনকর ও মিঠু মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার তাঁদের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মানিকতলার বাগমারিতে শুভমের বাড়ি এবং শ্যামপুকুরে মিঠুর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সব রকম সাহায্যের আশ্বাসও দেন। শুভেন্দু বলেন,'এত বড় রাজ্যে কোথাও কোন দুর্ঘটনা ঘটেনি। দেড়-দু মিনিটের মধ্যে এতগুলো মানুষের চলে যাওয়া! এটা তো অত্যন্ত বেদনার এবং দুঃখের। ৬৬ হাজার পূজো হয়েছে। কোথাও কোন বড় ঘটনা নেই। এটা না হলেই ভালো হত। এটা হিউম্যান এরর। বাকিটা দায়িত্বপ্রাপ্ত অবসরপ্রাপ্ত বিচারপতি তদন্ত করে দেখবেন। পুলিশ সহযোগিতা করবে তাঁকে। প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেবেন। তিন মাসের মধ্যেই রিপোর্ট আশা করি আমাদেরকে দিয়ে দেবেন। যা সুপারিশ করবেন সরকার সেটা কার্যকর করবে। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভায় এবং সাংবাদিকদের সামনে আমরা আনব। এখানে লুকোনোর কিছু নেই'।
মৃতদের পরিবারের পাশে দাঁড়ানোর বার্তাও দিয়েছেন শুভেন্দু। তিনি বলেন,'পরিবারগুলির পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। তাঁদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছি'।
রাজ্যের দুর্গাপুজোর সামগ্রিক আয়োজনের প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী জানান,'এবার রাজ্যে প্রায় ৬৬ হাজার দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। তার মধ্যে ৫৮ হাজার পুজো কমিটি রাজ্য সরকারের অনুদান পেয়েছে। ইতিমধ্যেই ৯০ শতাংশেরও বেশি প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়,'অন্য কোথাও কোনও ঘটনা ঘটেনি। কিন্তু মাত্র দেড়-দুমিনিটের মধ্যে ১৯ জনের প্রাণ চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক'। ২০২৭ সালের দুর্গাপুজোর প্রস্তুতি আগেভাগেই শুরু করার পাশাপাশি বিশেষ তদন্তকারী দলের সুপারিশ মেনে চলার জন্য পুজো কমিটিগুলিকে পরামর্শ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। আগামী ২৬ অক্টোবর প্রায় আট হাজার পুজো কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। শুভেন্দু বলেন,'পুজো কমিটিগুলি সফলভাবে আয়োজন করেছে। তাঁদের অভিনন্দন জানাব। তবে চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথাও বলব'।
গত ১৭ অক্টোবর মহাসপ্তমীর দিন বৃষ্টির মধ্যে উত্তর কলকাতার চোরবাগানের পুজোমণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। তাতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২৫ জন। আহতদের কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে স্থানান্তরিত করা হয় বেসরকারি হাসপাতালে।