Advertisement

Annapurna Bhandar: আজ কখন ঢুকবে অন্নপূর্ণার ৩০০০? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকছে। এই সংখ্যা আরও বাড়বে। কখন বাকি মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে? জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

অন্নপূর্ণার টাকা কখন পাবেন? অন্নপূর্ণার টাকা কখন পাবেন?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Sep 2026,
  • अपडेटेड 1:32 PM IST
  • ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনা
  • মুখ্যমন্ত্রী জানালেন, এই সংখ্যা আরও বাড়বে
  • কখন বাকি মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণার টাকা ঢুকবে?

এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৬০ লক্ষ মহিলার অ্যাকাউন্টে প্রতি মাসে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা করে ঢুকছে। এই সংখ্যা আরও বাড়বে বলে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে রাজ্যে পালিত হচ্ছে অন্নপূর্ণা দিবস। সেই উপলক্ষে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানালেন, বাকিরা কখন টাকা পাবেন। 

এদিন শুভেন্দু অধিকারী বলেন, 'প্রত্যেক বছর আজকের দিনটি অন্নপূর্ণা দিবস হিসেবে পালিত হবে। কারণ নরেন্দ্র মোদীজির গ্যারান্টি ছিল অন্নপূর্ণা যোজনা। আর বাংলায় ক্ষমতায় এসেই আমরা সেই যোজনা চালু করতে পেরেছি। তাই আমরা তাঁর জন্মদিন অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করব।' শুভেন্দুর সংযোজন, '১ কোটি ৬০ লক্ষের কাছাকাছি অন্নপূর্ণা যোজনা পাচ্ছেন। আরও যাঁরা যোগ্য, বাছাই করে তাঁদেরও এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তাঁদের সকলের অ্যাকাউন্টে আজ সারাদিনের মধ্যে পৌঁছে যাবে ৩০০০ টাকা।'   

'আপনার ভরসা আমার শক্তি।' জন্মদিনে বাংলার মা-বোনেদের প্রতি এভাবেই বাংলা ভাষায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, 'বাংলায় নয়া পরম্পরা শুরু হয়েছে। অন্নপূর্ণ যোজনায় যাঁরা লাভবান হচ্ছেন, তাঁদের অভিনন্দন। মহিলারা নানা ভাবে পরিবারের খেয়াল রাখেন। জরুরি খরচের চিন্তা কম হলে তাঁদের আত্মবিশ্বাসও বাড়ে। অন্নপূর্ণা যোজনা বাংলার মহিলাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।'

অন্যদিকে, শুভেন্দু অধিকারী জানান, বিগত ৪ মাসের শাসনকালে তিনি চেয়ারম্যান সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কমিটিতে গড়েছেন। IPS দময়ন্তী সেনও সেই কমিটিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, 'একজনও মা-বোনের উপর অত্যাচার হলে আমরা ছাড়ব না।' 

পাশাপাশি ICDS সেন্টারে গর্ভবতী মহিলাদের খাদ্যের জন্য ১৪ টাকা করে ধার্য করা, ১৪ অগাস্ট কন্যারত্ন দিবসে ২০ লক্ষ ১৩ হাজার কন্যার অ্যাকাউন্টে ১০০০ করে টাকা করে দেওয়ার বিষয়গুলি তুলে ধরেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী বছর এই ১০০০ টাকা ডাবল করে দেওয়া হবে। উচ্চমাধ্যমিকের পর যাঁরা স্নাতক স্তরের পড়াশোনা করবেন তাঁরা প্রথম ২ বছর ১৭ হাজার করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার করে মোট ৫০ হাজার টাকা সহায়তা পাবেন। ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্প চালু হবে। অন্যদিকে, পশ্চিমবঙ্গে ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা করা হয়েছে। এই সব বাড়ির মালিক হবে মহিলারা। তাঁদের নামেই চুক্তি করা হবে। 

Advertisement

বাল্যবিবাহ নিয়ে এদিন কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, '১৮ বছরের নীচে বাল্যবিবাহ এবং বাল্যবিবাহ হওয়ার কারণে সন্তান প্রসব করার পরিসংখ্যানে এই রাজ্যে ভয়ঙ্কর অবস্থা। ৬ মাসে ৬০ হাজার এমন ঘটনা ঘটেছে। প্রথমেই রয়েছে মুর্শিদাবাদ (১৩ হাজার) এবং তারপর দক্ষিণ ২৪ পরগনা (৭ হাজার)। ১৮ বছরের নীচে কোনও বালিকাকে বিয়ে দিতে দেব না। যারা করেছেন, তাদের জেলে যেতে হবে। কাজি হন বা পুরোহিত, জেল খাটাব।' 

সবশেষে তিনি বলেন, 'এই সরকার শুধু ভাতা দিতে আসেনি, সংস্কার করতে এসেছে।' 

 

Read more!
Advertisement
Advertisement