
আগের সরকারের ভুল যাতে কোনও মতেই রিপিট না হয়, তার জন্য বদ্ধপরিকর নয়া সরকার। শনিবার সল্টলেক স্টেডিয়ামে সেই কথা মাথায় রেখেই একেবারে নির্বিঘ্নে সুষ্ঠ ভাবে সম্পন্ন হল ঐতিহাসিক ভারত-ব্রাজিল ম্যাচ। কোনও ভুলচুক নেই, ছিল না VIP কালচারের বাড়াবাড়ি। ফলে যারা ঠিক এক বছর আগে লিওনেল মেসিকে দেখতে গিয়ে চূড়ান্ত হতাশ হয়েছিলেন, তাঁরা যেন ভরসা পেলেন রাজ্য প্রশাসনের উপর। শুধু তাই নয়, সুষ্ঠভাবে এই ম্যাচের আয়োজনের পর বড় ঘোষণা করে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শনিবার ভারত বনাম ব্রাজিল ম্যাচের সাক্ষী থাকতে সল্টলেক স্টেডিয়ামে গিয়েছিলেন খোদ শুভেন্দু অধিকারী। ম্যাচ শেষের পর তাঁর মুখে শোনা যায় মেসি ইভেন্টের কথা। তিনি জানান, মেসি ইভেন্টের টিকিট কেটেও, যারা মেসিকে দেখতে পাননি, বঞ্চিত থেকেছেন তাঁদের দেওয়া হবে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট। তাও একেবারে বিনামূল্যে।
কবে ম্যাচ?
আগামী ৬ অক্টোবর উরুগুয়ের মুখোমুখি হবে ভারতীয় দল। শনিবার ব্রাজিলের ম্যাচের পর আবারও একটি বড় ম্যাচ হবে শহরে। ওই ম্যাচের টিকিটই ফ্রি-তে দেওয়া হবে মেসি ইভেন্টের বঞ্চিত দর্শকদের। লিওনেল মেসিকে দেখতে যারা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরাই বিনামূল্যে এই টিকিট পাবেন। বিষয়টি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
গত বছর কী হয়েছিল?
২০২৫ সালের ডিসেম্বরে লিওনেল মেসি এসেছিলেন কলকাতায়। ছোটদের সঙ্গে হালকা করে প্র্যাকটিস, মাঠে নেমে ফুটবল নিয়ে কসরৎ করার কথা ছিল লিওনেলের। কিন্তু আদতে তা হয়নি। অনুষ্ঠান ঘিরে প্রবল ভিড় এবং বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হওয়ায় বহু দর্শককে হতাশ করেই মাত্র ৪-৫ মিনিটের মধ্যেই বেরিয়ে যান মেসি। ফলে বহু দর্শক হাজার হাজার টাকা খরচ করেও আর্জেন্টাইন তারকাকে দেখতে পাননি। এর জন্য দর্শকেরা দায়ী করেন, গত সরকারের মন্ত্রী ও তৃণমূল ঘনিষ্ঠ একাধিক সেলিব্রিটিদেরই। VIP কালচারের জেরেই ওই অনুষ্ঠান পণ্ড হয়েছিল বলে অভিযোগ।
তারপর থেকেই দাবি করা হচ্ছিল, বঞ্চিত দর্শকদের টাকা ফেরত দেওয়া হবে। তবে সেই কাজে গতি আসেনি, গত প্রায় ১০ মাসে। অবশেষে শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করলেন। যারা উপযুক্ত ভাবে মেসি ম্যাচে অনলাইনে টিকিট কাটার প্রমাণ দিতে পারবেন, তাঁরা বিনামূল্যে পাবেন ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট।