
বিধানসভায় দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে অভিযোগ করেছিলেন, নির্বাচন কমিশনে বিধায়ক ও সাংসদদের হলফনামা জমা দেওয়ার উদ্দেশে ডকুমেন্টস নিয়ে যাওয়ার সময়, ট্রাকে হামলা হয়েছে ও নথি ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। সেই ঘটনায় এবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, "Lop ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাঁদের হলফনামা ছিনতাই করার চেষ্টা করা হয়েছে। আমি Lop-কে বলব, যদি FIR করেন, মামলা CID-কে দেওয়া হবে। এই ধরনের আইন শৃঙ্খলা সংক্রান্ত ঘটনা, আমাদের রাজ্যে না ঘলেই ভালো।"
কী অভিযোগ করেছিলেন ঋতব্রত?
কারা 'আসল তৃণমূল', তা প্রমাণ করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী নির্বাচন কমিশনের কাছে হলফনামা জমা দিতে হয়েছে তৃণমূলের দুই পক্ষকেই। কিন্তু সোমবার সকালে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা তথা তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সড়কপথে দিল্লিতে হলফনামা নিয়ে যাওয়ার সময় তাঁদের ট্রাকে হামলা হয়েছে। নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুষ্কৃতীরা। সেই ঘটনা নিয়েই এবার বিধানসভায় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন বিধান সভায় বিধায়ক হিসেবে শপথ নেন হাসিরানি রথ ও শাখারভ সরকার। এই অনুষ্ঠানে এসেই বার্তা দেন মুখ্যমন্ত্রী। হাসিরানি রথের উদ্দেশে তিনি বলেন, "আমার সঙ্গে ছিল বলে তাঁর ছেলেকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ঘটনায় ৭ জনকে CBI গ্রেফতার করেছে। শ্যুটার ও সুপারি কিলারদের গ্রেফতার করা হয়েছে। এখন শুধু বাকি কে সুপারি দিয়েছিল, তা সামনে আসা। আমার বিশ্বাস CBI তা বার করবে। হাসিরানি রথ বিচার পাবেন।"
এদিন দুই জয়ী বিধায়ককে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শুভেন্দু অধিকারী জানান, এতদিন যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে দাবি করতেন, আজ রেজিনগরের মানুষ তাঁদের ভুল প্রমাণিত করেছে।