
বইয়ের উপর বোমা, ডিম! বুধবার সন্ধ্যার কলেজ স্ট্রিট উত্তপ্ত হয়ে ওঠে SFI ও ABVP-র মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে। এই প্রথমবার এমন দৃশ্যের সাক্ষী থাকল কলকাতার বইপাড়া। বইয়ের স্টল দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এতটাই বড় আকার ধারণ করে, পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়। বামেদের অভিযোগ, তাদের বুক স্টলে বোমা ফাটানো হয়, ডিম ছোড়া হয়। বিমান বসুকেও 'গো ব্যাক' স্লোগানের সম্মুখীন হতে হয় বইপাড়ায়। গোটা ঘটনায় বামেদেরই তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্যের মুখে শোনা গেল, 'ABVP আমাদের ছাত্র সংগঠন নয়।'
'বই চিহ্নে ভোটে লড়াই করুন'
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলেজ স্ট্রিটের ঘটনা প্রসঙ্গে বলেন, 'বইটই কিচ্ছু না। নির্বাচনে হেরে হাফ হার্টেড হয়ে এ সব করছে। এরা ভোটে যেতে না, নোটার সঙ্গে লড়াই করে, মাঠে ঘাটে নেই। দম থাকলে ওদের নেতারা কাস্তে হাতুড়ি তারা চিহ্ন ছেড়ে বই চিহ্নে লড়ুক। একজনেরও যদি সিকিউরিটি মানি থাকে তাহলে বলবেন মানুষ মুখ্যমন্ত্রীর সঙ্গে নেই ওদের সঙ্গে আছে।'
কী প্রতিক্রিয়া শমীকের?
রাজ্য BJP সভাপতি শমীক ভট্টাচার্য অবশ্য আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেননি। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তিনি বলেন, 'ছাত্রদের বয়স কম। ওটা একটু হয়। আমাদের এখানে আন্দোলন তো কোনওদিনই নিরামিষ ছিল না।' তাঁর সংযোজন, 'ABVP আমাদের ছাত্র সংগঠন নয়, ওরা অরাজনৈতিক ছাত্র সংগঠন। আমাদের এর মধ্যে টানাটানি কেন। তবে হ্যাঁ আমরা একই বিচার পরিবারের সদস্য।'
ঠিক কী ঘটেছিল কলেজ স্ট্রিটে?
মঙ্গলবার থেকেই উত্তপ্ত কলেজ স্ট্রিট। সে দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের পর বুধবার মুখোমুখি হয় SFI এবং ABVP। সকাল থেকে দফায় দফায় সংঘাত হয় ২ ছাত্র সংগঠনের মধ্যে। ‘সংগ্রামী বইপত্র’ নামে বইপাড়ার কর্মসূচির জন্য পুলিশের অনুমতি নেয় SFI। ABVP দাবি করে, তাদেরও স্টল করতে দিতে হবে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল, বেঞ্চ বার করে এনে রাস্তায় পেতে বই সাজিয়ে ফেলে তারা। তারপরই একে অপরের বিরুদ্ধে কটুক্তি শুরু হয়। হাতাহাতিও হয় পুলিশের সামনেই। দুপুরে কলেজ স্ট্রিটে গেলে 'গো ব্যাক' স্লোগানের মুখে পড়েন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তাঁর বিরুদ্ধে ABVP 'বিমান বসুর গালে গালে, জুতো মারো তালে তালে' স্লোগান তোলে বলে অভিযোগ তোলে বামেরা। এমনকী ফ্রন্ট চেয়ারম্যানকে চোর বলা হয়েছে বলেও অভিযোগ।
সন্ধ্যা নামতেই রণক্ষেত্র হয়ে ওঠে কলেজ স্ট্রিট। SFI-এর বইয়ের দোকান লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে বলে অভিযোগ। দেখা গিয়েছে, প্লাস্টিকের চেয়ারে মাথায় ঢেকে প্রাণে বাঁচার চেষ্টা করছেন SFI কর্মীরা। উড়ে এসেছে ঢিল, ইট, জলের বোতল, লাঠি। পরে বইয়ের টেবিল লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পুলিশবাহিনী ব্যারিকেড করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। একটা সময়ে চকোলেট বোমার আওয়াজ শোনা যায়। প্রতিবাদ সরব হন বাম নেতারা। খানিক কটাক্ষের সুরেই বিমান বসু বলেন, 'আমি তো এখানে বই বিক্রি করতে আসিনি।'
তিনি আরও বলেন, 'যাঁরা স্কুলের গণ্ডি পার হয়ে এসেছেন, তাঁদের বই পড়তেই হবে। 'যারা উজবুকের মতো কথা বলে, তারা যে কোনও কথা বলতে পারে। কিন্তু তারা তো একটি শিক্ষা সংগঠনের সদস্য। ওই সংগঠনের সঙ্গে যেমন ছাত্রেরা যুক্ত, তেমনই ওই আদর্শে বিশ্বাসী হতে পারে স্কুল-কলেজের কোনও শিক্ষক। এমনকি উপাচার্যও। ফলে এমন আচরণে ওই সংগঠনের চূড়ান্ত বদনাম হয়েছে। এটা ঠিক হয়নি।