Advertisement

'নির্বাচন পরবর্তী হিংসায় মদত দিয়েছিলেন', স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে থানায় অভিযোগ

গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করার আবেদনও জানিয়েছেন জয়দীপ সেন নামে ওই ব্যক্তি। 

পরমব্রত ও স্বস্তিকা পরমব্রত ও স্বস্তিকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2026,
  • अपडेटेड 8:26 PM IST
  • পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের এক আইনজীবীর
  • FIR এর আবেদনও জানিয়েছেন তিনি

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের এক আইনজীবীর। তাঁর দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন সোশ্যাল মিডিয়ায় ওই দুজন যে মন্তব্য করেছিলেন, তা আসলে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে মদত দেওয়া ছা়ড়া আর কিছু নয়। 

গড়িয়াহাট থানায় পরমব্রত চট্টোপাধ্যায় এবং অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে FIR করার আবেদনও জানিয়েছেন  জয়দীপ সেন নামে ওই ব্যক্তি। 

অভিযোগপত্র অনুযায়ী, ২০২১ সালের ২ মে বিকেল প্রায় ৪টে নাগাদ পরমব্রত চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।' তার কিছুক্ষণ পর স্বস্তিকা মুখোপাধ্যায় সেই পোস্টের উত্তরে লেখেন, “Hahahah Hok Hok”। অভিযোগকারীর দাবি, নির্বাচনের ফল ঘোষণার মতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই ধরনের মন্তব্য প্রভাবশালী ব্যক্তিত্বদের তরফে হিংসা উস্কে দেওয়ার সামিল।

অভিযোগে আরও বলা হয়েছে, ওই পোস্টের প্রায় এক ঘণ্টা পর বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। পরবর্তীতে রাজ্যের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ, মারধর, শ্লীলতাহানি এবং তোলাবাজির মতো ঘটনা ঘটে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে পরে আদালতও নজর দেয় বলে উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।

অভিযোগ জমা নিয়ে আইনজীবী বলেন, 'আমি কয়েকদিন আগে পরমব্রত চট্টোপাধ্য়ায়ের একটা ট্যুইট দেখতে পাই। সেটা ছিল ২০২১ সালের ২ মে তারিখের। বিকেল ৪ টের সময় করেছিলেন। লিখেছিলেন, আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষণা করা হোক। তার নিচে স্বস্তিকা মুখোপাধ্যায় হোক হোক বলে উত্তর দেন। সেদিন দুপুর দুটোর পর থেকেই নির্বাচন পরবর্তী হিংসা শুরু হয়ে গিয়েছিল। তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছিল। আমার জ্ঞানমতে, কলকাতায় প্রথম খুন হয় কাঁকুগাছিতে। অভিজিৎ সরকার নামে সেই বিজেপি কর্মীকে পরেশ পালের নেতৃত্বে খুন করা হয়েছিল। তারপর থেকেই রাজ্যজুড়ে হিংসা সংঘটিত হয়েছিল। পরমব্রতও জানতেন যে এসব হচ্ছে। তাও তিনি এমন কথা বলেছিলেন। ফলে এটা উস্কানিমূলক। আমি সেই প্রেক্ষিতেই অভিযোগ দায়ের করেছি।' 

Advertisement

ওই আইনজীবী আরও জানান, তিনি জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছেন। স্বস্তিকাকে আক্রমণ করে তিনি বলেন, 'স্বস্তিকা মুখোপাধ্যায় সম্প্রতি দাবি করেছেন দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে তিনি নাকি এমন মন্তব্য করেছিলেন। কিন্তু সেটা তাঁর পাঁচবছর পরে মনে হল?'   

Read more!
Advertisement
Advertisement