
শাসকদলের বিরুদ্ধে কলকাতা পুরভোটে অনিয়মের অভিযোগ তুলেছে বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দলের দাবি, ভোট লুঠ করেছে তৃণমূল। তাই পুরভোট বাতিলের দাবি তুলে পথে নেমেছ পদ্মশিবির। এদিকে পুরভোট বাতিলের দাবিতে সোমবার কমিশনের সামনে প্রতিবাদ দেখিয়েছে বাম-কংগ্রেস শিবিরও। আর এর মাঝেই সামনে এল এক মারাত্মক ঘটনা। কলকাতা পুর এলাকার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীকে মাটিতে ফেলে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে। এই নিয়ে বড়তলা থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছেন খোদ কংগ্রেস প্রার্থী। কংগ্রেস প্রার্থীকে মারধরের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরালও হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কী রয়েছে?
কলকাতা পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী রবি সাহাকে বিবস্ত্র করে, রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আজ বড়তলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কংগ্রেস প্রার্থী নিজে। অভিযোগ রবিবার পুরো নির্বাচনের দিন দুপুর বেলা বাড়ি থেকে বেরোলে, তাকে ঘিরে ধরে শাসকদলের দুষ্কৃতীরা। কংগ্রেস প্রার্থীকে কাছে পেয়ে মারধর করতে করতে রাস্তায় ফেলে তার পরনের প্যান্ট খুলে নেওয়া হয়। এরপর বিরোধী দলের প্রার্থীকে বিবস্ত্র করেই প্রকাশ্য রাস্তায় চলে মধ্যযুগীয় বর্বরতা। মারধরের জেরে আহত হন কংগ্রেস প্রার্থী রবি সাহা। পরে এনআরএস মেডিকেল কলেজে চিকিৎসা করতা নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনার ভিডিয়ো ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে ৷
সোমবার অভিযোগ দায়ের
সোমবার বড়তলা থানায় দুষ্কৃতীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রবি সাহা। অভিযোগকারী কংগ্রেস প্রার্থীর দাবি, তৃণমূল কর্মী পূর্ণ চন্দ্র দাস, তার ছেলে সৌরভ দাস, দ্বীপ এবং আরও বেশ কিছু জন মিলে তাকে মারধোর করে। দিকে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রাজ্যের শাসক শিবিরকে এক হাত নিয়ে তাঁর অভিযোগ, “বাংলায় গণতন্ত্র নয়, চলছে বর্বর দিদিতন্ত্র। একজন মানুষকে জনসমক্ষে নগ্ন করে বেধড়ক পেটানো হল কলকাতার রাজপথে। কী তাঁর অপরাধ? তাঁর অপরাধ তিনি কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়িয়েছেন? ছিঃ দিদি ছিঃ। ধিক্কার।”
এদিকে মঙ্গলবার কলকাতা পুরভোটের ফল ঘোষণা। কিন্তু তার আগে ১৬ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীর উপর আক্রমণ যে ভিডিও ভাইরাল হয়েছে তা গতকাল থেকে বিরোধীরা যে অভিযোগ করে আসছে, তাকে আবারও উস্কে দিল।