
বারুইপুর ধর্ষণকাণ্ডে নির্যাতিতার বাড়ি পৌঁছে তার পরিবারের সঙ্গে দেখা করল বামেরা। সোমবার সকালে নিহত নির্যাতিতার বাড়ি পৌঁছে তাঁর পরিবারের সঙ্গে কথা বলেন সুজন চক্রবর্তী, শমিক লাহিড়ী-সহ বামেদের প্রতিনিধি দল।
নিহত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করার পর সুজন চক্রবর্তী বলেন, "বারুইপুরে এক কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যেভাবে এই ঘটনা ঘটেছে, তাতে নিন্দার কোনও ভাষা নেই। আমরা এর বিচার চাই।" পাশাপাশি এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন করেছেন বাম নেতা।
এরপর নতুন সরকারকে নিশানা করে সুজন বলেন, "অভয়ার এখনও পর্যন্ত ন্যায়বিচার হয়নি। সরকার যদি দোষীদের পাশে থাকে, তাহলে কী হয়, আমরা অভয়ার ক্ষেত্রে দেখেছি। আমরা যেমন অভয়ার জন্য ন্যায়বিচার চাই। তেমনই বারুইপুরেরও বিচার চাই। যারা অভয়ার জন্য ন্যায়বিচার চেয়েছিল, তারা আজ সরকারে আছে। বারুইপুরের মানুষ, সমগ্র রাজ্যের মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে ন্যায়বিচার চায়। আমরা বারুইপুরের শেষ দেখব।"
তিনি বলেন, "এলাকার মানুষরা যেভাবে রবিবার দলমতের ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করেছে, তাতে তাঁদেরকে কুর্ণিশ জানাই। অপরাধীরা মাথা উঁচু করে ঘুরে দাঁড়াবে, এটা চলতে পারে না।"
সুজন চক্রবর্তী বলেন, "গতকাল আমি শুনেছি, সরকারের পক্ষ থেকে নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। আমি চাইব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা বলেছেন, তা যেন করা হয়। যেন যথাযথ বিচারের ব্যবস্থা করা হয়। এখন বিচারের ব্যবস্থা করতে হবে।"