
নামছে তাপমাত্রা। শহরে ভরপুর শীতের আমেজ। পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের অন্য রাজ্যগুলিতেও। কনকনে ঠান্ডা না পড়লেও হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া বেজায় খুশি শীতপ্রেমীরা। কিন্তু এর মধ্যে রয়েছে খানিকটা দুঃসংবাদ। নতুন করে তৈরি হচ্ছে এক ঘূর্ণাবর্ত। ফলে ফের বৃষ্টি হতে পারে রাজ্যে। ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ের আকারও ধারণ করার আশঙ্কা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৯ নভেম্বর, রবিবার দক্ষিণ বঙঅগোপসাগরের শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। সেটি শক্তি বাড়িয়ে ৩ ডিসেম্বর নাহাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।
তেমনটা হলে সেই ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে ৪ বা ৫ ডিসেম্বর। এর দেরে পশ্চিমবঙ্গে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে ২ থেকে ৫ ডিসেম্বরের মধ্যে। শুষ্ক আবহাওয়া উধাও হয়ে যাবে এবং বৃষ্টির সম্ভাবনা বাড়বে ওই সময়ের মধ্যে। যদিও এই ঘূর্ণাবর্তের কতটা প্রভাবে এ রাজ্যে পড়বে তা এখনও স্পষ্ট করেনি আবহাওয়া দফতর। তবে এটুকু সহজেই অনুমেয় শীত আসার পথে কাঁটা হতে পারে সেটি।
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত ১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে অবাধে প্রবেশ করবে উত্তুরে হাওয়া। বজায় থাকবে ঠান্ডার আমেজও। উত্তুরে হাওয়ায় ভর করে জেলাগুলিতে আরও ২-৩ ডিগ্রি পারদপতন হতে পারে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আপাতত রাতের পারদ নিম্নমুখী হবে।