
ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। কয়েক ঘণ্টার মধ্যেই সেটি অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কতটা প্রভাব পড়বে বাংলায়? ফের কি ঝড়বৃষ্টি হবে?
ঠিক যখন শীতের অপেক্ষায় রাজ্যবাসী দিন গুনছে, তখনই ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের ১৬ নভেম্বর দুপুর ১টার বিশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। সোমবার সকাল সাড়ে ৮টায় এর অবস্থান ছিল শ্রীলঙ্কার ত্রিঙ্কোমালির পূর্ব-উত্তরপূর্বে প্রায় ৬৩০ কিলোমিটার দূরে। আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়াবে এই গভীর নিম্নচাপ। সোমবার সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার, ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে তা তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তি সঞ্চয় করে ১৯ নভেম্বরের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কোথায়?
ঘূর্ণিঝড়টি তৈরি হলে এর নাম হবে 'আকভান'। নামটি দিয়েছে ইরান। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে বাঁক নিতে পারে। এরপর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। নেল্লোর ও তুনি-র মধ্যবর্তী উপকূল দিয়ে ২০ নভেম্বর দুপুরের মধ্যে স্থলভাগে প্রবেশ করতে পারে 'আকভান'। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।
বাংলায় কতটা প্রভাব?
ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব বাংলায় পড়বে কি না, তা নিয়ে স্বাভাবিকভাবেই কৌতুহল তৈরি হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে ১৮ নভেম্বর থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ১৯-২১ নভেম্বরের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।
১৮ নভেম্বর, বুধবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু'-এক জায়গায়। বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
১৯ নভেম্বর, বৃহস্পতিবার বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়ায় কয়েকটি জায়গায়। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
২০ নভেম্বর, শুক্রবার বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে ওই দিন।
২১ নভেম্বর, শনিবার বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বইবে দমকা হাওয়া।
২২ নভেম্বর, রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অর্থাৎ, ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৯ থেকে ২১ নভেম্বর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।
উত্তরবঙ্গে আপাতত বড়সড় বৃষ্টির পূর্বাভাস নেই। ১৭ ও ১৮ নভেম্বর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের দু'-এক জায়গায় হাল্কা বৃষ্টি হতে পারে। ২৩ নভেম্বর পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।