Advertisement

Dilip Ghosh: 'আমাদের হাতে নেই,' তেলের দামবৃদ্ধি নিয়ে মন্তব্য দিলীপের

দেশজুড়ে শুক্রবার থেকে বেড়ে গেল পেট্রোল এবং ডিজেলের দাম। মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর মতে, সামান্যই দাম বেড়েছে।

দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2026,
  • अपडेटेड 9:16 AM IST
  • শুক্রবার থেকে বেড়ে গেল পেট্রোল-ডিজেলের দাম
  • প্রতিক্রিয়া দিলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ
  • তাঁর মতে, সামান্যই দাম বেড়েছে জ্বালানির

দেশজুড়ে বাড়ল পেট্রোল এবং ডিজেলের দাম। পেট্রোলের দাম বেড়েছে লিটারে ৩ টাকা। একই হারে বেড়েছে ডিজেলের দামও। এই নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, 'আমাদের হাতে নেই। তবে মোদীজি আমাদের উপর কোনও আঁচ আসতে দেবেন না।'

প্রতিদিনের মতো শুক্রবারও ইকো পার্কে মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন দিলীপ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'গত ৩ বছর ধরে বিশ্বে যুদ্ধ চলছে। একাধিক দেশে নানারকমের সমস্যা চলছে। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের উপর কোনও আঁচ আসতে দেননি। কেউ কোনও ক্ষতি করতে পারেনি আমাদের।' তাঁর সংযোজন, 'শুধুমাত্র গ্যাসের দাম বেড়েছে। জ্বালানির দামও খুব সামান্যই বেড়েছে। আমাদের হাতে নেই। বিশ্বজুড়ে সঙ্কট চলছে, তার থেকে তো আমরা আলাদা হতে পারি না।'

এবার থেকে পেট্রোল এবং ডিজেল কিনতে গেলে বাড়তি টাকাই খরচ করতে হবে। কলকাতায় পেট্রোলের দাম ছিল ১০৫.৪৫ টাকা। সেখানে এখন ৩ টাকা দাম বেড়ে ১০৮.৭৪ টাকার আশপাশে পৌঁছে গিয়েছে। ডিজেলের দাম ছিল ৯২.০২ টাকা। সেটা এখন লিটার প্রতি ৯৫.১৩ টাকার আশপাশে পৌঁছে গেল।

তবে কেন এই দাম বৃদ্ধি তা নিয়ে স্পষ্ট করে কোনও কারণ ব্যাখ্যা করেনি তেল কোম্পানিগুলি। যদিও মধ্যপ্রাচ্য অস্থিরতা এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে বিশ্ববাজারে যেভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রাখতেই তেলের দাম বাড়ানো হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। 

 ইরান যুদ্ধ শুরুর পরই থেকেই হু হু করে বাড়ছে তেলের দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। যার ফলে তেল কিনতে অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে ভারতীয় তেল সংস্থাগুলিকে। কিন্তু তেলের দাম না বাড়ায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছিল তাদের। ফলত বহুদিন ধরেই পেট্রোল এবং ডিজেলের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল। আর সেই জল্পনাই এবার সত্যি হল। 

Advertisement

জ্বালানির মূল্য বৃদ্ধির সঙ্গে সব জিনিসের দাম জড়িয়ে রয়েছে। তাই পেট্রোল এবং ডিজেলের দাম ৩ টাকা করে বৃদ্ধির পর আদতে মূল্যবৃদ্ধির আশঙ্কা প্রবল হচ্ছে। এমনকী খাবারদাবার ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে এবার ছ্যাঁকা লাগবে মধ্যবিত্তের পকেটে। 

 

Read more!
Advertisement
Advertisement