
১৯০৫ সালের ৪ অগাস্ট উত্তর কলকাতার আহিরীটোলায় জন্মগ্রহণ করেছিলেন বাঙালির নস্টালজিয়ার অন্যতম নায়ক ও বেতার শিল্পী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। আর আজও একটা ৪ অগাস্ট। শুধু সময়টা অনেকটা পেরিয়ে গিয়েছে। তবে বাঙালির হৃদয় জুড়ে আজও রয়েছেন তিনি। তাই বীরেন্দ্রকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তাঁর বাড়িতে গিয়ে শ্রদ্ধার্ঘ জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এ দিন তিনি বীরেন্দ্রকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করেন। তারপর কথা বলেন পরিবারের লোকজনের সঙ্গে।
মেট্রো স্টেশনের নাম বদলে যাবে?
এই দিন মন্ত্রীর সামনেই তাঁর পরিবারের লোকজন কিছু দাবি রাখেন। তাঁরা দাবি করেন, যদি শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম বিরেন্দ্রকৃষ্ণ ভদ্রের নামে করা যায়। এছাড়া আকাশবাণীর ভিতরে বীরেন্দ্রকৃষ্ণের মূর্তি স্থাপনের পক্ষেও সওয়াল করেন তাঁরা। আর এই দুই দাবিই মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন বলে ইতিমধ্যেই জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তবে এই সব দাবি আদৌ মেনে নেওয়া হবে কি না, সেই নিয়ে জোর দিয়ে কিছুই বলেননি তিনি।
মাথায় রাখতে হবে, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোপুজো এক সুরে বাঁধা রয়েছে। মহালয়ার সকালে তাঁর কণ্ঠে 'মহিষাসুরমর্দিনী' না শুনলে পুজোর 'ভাইব' আসে না। কিছু একটা অপূর্ণতা গ্রাস করে নেয়।
আর সেই মানুষটিরই জন্মদিন আজ। তাই সকাল থেকেই তাঁর বাড়িতে ছিল অগণিত মানুষের ভিড়। মালা পরিয়ে শ্রদ্ধা জানান হয় তাঁকে।
আদ সাতসকালেই সেখানে পৌঁছে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী। তিনি বীরেন্দ্রকৃষ্ণের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এরপর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন। তারপর বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন।
তখন তিনি জানান, তাঁর কাছে পরিবারের লোকজন বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তিনি সেই দাবি অবশ্যই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছে দেবেন। যদিও এটা এখনও পরিষ্কার নয় যে পরিবারের দাবিগুলি মেনে নেওয়া হবে কি না।