Advertisement

Kolkata Crime: আরবানায় পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, ধৃত অভিযুক্ত

Kolkata Crime News: কলকাতার আরবানায় চাঞ্চল্যকর অভিযোগ। পরিচারিকার কাজ করতে এসে নিগ্রহের শিকার এক মহিলা। আরবানার একটি ফ্ল্যাটে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Aug 2026,
  • अपडेटेड 7:48 AM IST
  • কলকাতার নামী আবাসন আরবানায় চাঞ্চল্যকর ঘটনা।
  • আবাসনের মধ্যেই একটি বিল্ডিংয়ে হেনস্থার শিকার এক পরিচারিকা।
  • ঘটনায় অভিযুক্ত ফ্ল্যাটেরই অপর এক পরিচারক।

কলকাতার নামী আবাসন আরবানায় চাঞ্চল্যকর ঘটনা।  রবিবার দুপুরে আবাসনের মধ্যেই একটি বিল্ডিংয়ে হেনস্থার শিকার এক পরিচারিকা। ৩২ বছরের ওই পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে দাবি। ঘটনায় অভিযুক্ত ফ্ল্যাটেরই অপর এক পরিচারক।

ঠিক কী ঘটনা ঘটেছে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই পরিচারিকা রান্নাঘরে একাই কাজ করছিলেন। সেই সময় ওই ফ্ল্যাটেই কাজ করা মন্টু কুমার নামে এক রাঁধুনি তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। অভিযুক্তকে মহিলা বাধা দিলে মন্টু রান্নাঘরে থাকা ধারালো ছুরি জাতীয় অস্ত্র দিয়ে তাঁর উপর আক্রমণ করে। তারপর সেখানেই মহিলাকে ফেলে রেখে চম্পট দেয়। পুলিশের দাবি, হামলার জেরে গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। আপাতত তিনি রুবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তকে ট্রেন থেকে পাকড়াও করে পুলিশ

অন্যদিকে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের অ্যান্টি-রাউডি স্কোয়াড (ARS) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) যৌথভাবে মণ্টু কুমারকে দুর্গাপুর রেলস্টেশনে পঞ্জাব মেল ট্রেন থেকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মন্টু আগে থেকেই ওই ফ্ল্যাটে কাজ করত। আক্রান্ত মহিলা সম্প্রতি একই ফ্ল্যাটে পরিচারিকা হিসেবে কাজ করা শুরু করেন। মহিলা বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত এই কাণ্ড করেছে পুলিশের অনুমান। তারপর সে রাজ্য ছেড়ে পালানোরও চেষ্টা করে। যদিও পুলিশি তৎপরতায় তাকে পাকড়াও করা গিয়েছে। ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement