
চোরবাগানে কি প্রতিমা নিরঞ্জন হবে? দুর্ঘটনার পর থেকে এই প্রশ্ন উঠছিল। তবে বিশেষ তদন্তকারী দল (SIT) জানিয়ে দিল, প্রতিমা নিরঞ্জনে কোনও বাধা নেই। কিন্তু মণ্ডপের কোনও ক্ষতি করা চলবে না। হুবহু একই রাখতে হবে। তদন্তের স্বার্থেই মণ্ডপ রাখতে হবে বলেও জানান তদন্তকারী দলের প্রতিনিধিরা।
চোরবাগানে পদপিষ্টের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে বিশেষ তদন্তকারী দল গড়েছে রাজ্য। সেই দলের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। তাঁর নেতৃত্বেই আজ বৃহস্পতিবার চোরবাগানের ঘটনাস্থলে যান প্রতিনিধিরা। সেখানেই অনিন্দিতা রায় সরস্বতী বলেন, 'ঠাকুর নিরঞ্জন হতে পারে, সেটা দেখে নিয়েছি। কিন্তু প্যান্ডেল এইরকমই থাকবে। আমি প্যান্ডেল হুবহু এমনই রাখতে চাইছি। সে ভাবেই নিরঞ্জন করতে হবে।'
এদিন সন্ধে ৬টা ৫০ মিনিট নাগাদ ঘটনাস্থল পরিদর্শনে যান সিটের প্রতিনিধিরা। দুর্ঘটনাস্থল, মণ্ডপের ভিতর, বাইরের জায়গা, প্রবেশ ও বাহির পথ ঘুরে দেখেন তদন্তকারীরা। তারপরই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন অনিন্দিতা রায় সরস্বতী।
তিনি জানান, 'বিশেষ তদন্তকারী দল আজই প্রথম এল ঘটনাস্থলে। প্রয়োজনে আসবে ফের। সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। একাধিক অভিযোগ আছে। পুলিশের দিকেও আঙুল উঠেছে। কোথাও তো গাফিলতি ছিল। আমরা সবটাই দেখলাম। পুলিশের সঙ্গে কথাও বললাম। সেই সময় যেমন আলো ছিল, সে ভাবেই রাখা হয়েছে। আলো খুবই কম ছিল। মণ্ডপের ভিতরে প্রবেশ ও প্রস্থানের পথ খুব সরু ছিল। ওই রাস্তায় এত লোক ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে।'
তাঁর আরও সংযোজন, 'এখনই আমরা কোনও সিদ্ধান্ত নিইনি। সব দিক খতিয়ে দেখা হবে। পুলিশের সব দিক দেখব। প্রাথমিকভাবে মনে হচ্ছে পুলিশ যথাযথভাবে কাজ করেছে। তবে কীভাবে চোখ এড়াল তা দেখা উচিত। আমরা প্রয়োজনে শিল্পীর সঙ্গে কথা বলব। সেজন্যই তো আমরা তদন্ত করছি।'
দুর্ঘটনার পর আপৎকালীন দরজা বন্ধ ছিল বলেও অভিযোগ করেছিলেন অনেকে। তা নিয়ে সিটের প্রধান বলেন, 'আমাকে পুলিশ অফিসাররা জানালেন, তখন নাকি আপৎকালীন দরজা বন্ধ ছিল। একটা আপৎকালীন দরজা ছিল।'