
দুর্গাপুজোয় যাত্রীদের ভিড় সামাল দিতে বড় সিদ্ধান্ত নিল পূর্ব রেলের হাওড়া ডিভিশন। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে বাড়তি ১২টি স্পেশাল ট্রেন চালানো হবে। ১৭-১৮ অক্টোবর, ১৮-১৯ অক্টোবর, ১৯-২০ অক্টোবর এবং ২০-২১ অক্টোবরের রাতে এই বিশেষ ট্রেনগুলি চালানো হবে। হাওড়া থেকে ব্যান্ডেল, তারকেশ্বর, চন্দনপুর, নৈহাটি ও বর্ধমানের মধ্যে চলবে এই ট্রেনগুলি। মেন লাইন ও কর্ড লাইনে বাড়তি পরিষেবা দেবে রেল। প্রতিটি স্টেশনেই থামবে বিশেষ ট্রেনগুলি।
কোন রুটে কখন চলবে বিশেষ ট্রেন?
১. হাওড়া-বর্ধমান-হাওড়া (ব্যান্ডেল হয়ে)
হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে, বর্ধমান পৌঁছবে রাত ৩টে ১০ মিনিটে।
বর্ধমান থেকে ছাড়বে রাত ৯টা ৪০ মিনিটে, হাওড়া পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।
২. হাওড়া-বর্ধমান-হাওড়া (ডানকুনি হয়ে)
হাওড়া থেকে ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে, বর্ধমান পৌঁছবে রাত ৩টে ২০ মিনিটে।
বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ৩০ মিনিটে, হাওড়া পৌঁছবে রাত ১২টা ৪৫ মিনিটে।
৩. হাওড়া-ব্যান্ডেল-হাওড়া
হাওড়া থেকে ছাড়বে রাত ১টায়, ব্যান্ডেল পৌঁছবে রাত ২টো ৫ মিনিটে।
ব্যান্ডেল থেকে ছাড়বে রাত ১১টা ৩০ মিনিটে, হাওড়া পৌঁছবে রাত ১২টা ৩৫ মিনিটে।
৪. শেওড়াফুলি-তারকেশ্বর-শেওড়াফুলি
শেওড়াফুলি থেকে ছাড়বে রাত ১২টা ৩০ মিনিটে, তারকেশ্বর পৌঁছবে রাত ১টা ২০ মিনিটে।
তারকেশ্বর থেকে ছাড়বে রাত ১১টা ১৫ মিনিটে, শেওড়াফুলি পৌঁছবে রাত ১২টা ৫ মিনিটে।
৫. ব্যান্ডেল-নৈহাটি-ব্যান্ডেল
ব্যান্ডেল থেকে ছাড়বে রাত ১২টা ৪৫ মিনিটে, নৈহাটি পৌঁছবে রাত ১টা ৮ মিনিটে।
নৈহাটি থেকে ছাড়বে রাত ১টা ২০ মিনিটে, ব্যান্ডেল পৌঁছবে রাত ১টা ৪৫ মিনিটে।
৬. হাওড়া-চন্দনপুর-হাওড়া (ডানকুনি হয়ে)
হাওড়া থেকে ছাড়বে রাত ১২টা ১৫ মিনিটে, চন্দনপুর পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।
চন্দনপুর থেকে ছাড়বে রাত ১টা ৩০ মিনিটে, হাওড়া পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।
স্টপেজ এবং যাত্রাপথ বদল
৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু লোকাল
ব্যান্ডেল হয়ে চলা এই ট্রেনটি হাওড়া থেকে রাত ১টা ৩০ মিনিটে ছাড়বে। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত হাওড়া ও ব্যান্ডেলের মধ্যে সব স্টেশনে থামবে। এছাড়াও মগরা, পান্ডুয়া, বইঁচি ও মেমারিতে স্টপেজ থাকবে।
৩৭৭৩১ ব্যান্ডেল-মেমারি ইএমইউ লোকাল
ব্যান্ডেল থেকে রাত ৮টা ৫৮ মিনিটে ছাড়ে এই ট্রেনটি। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ট্রেনটি মেমারির পরিবর্তে বর্ধমান পর্যন্ত চালানো হবে। বর্ধমানে পৌঁছবে রাত ১০টা ২৫ মিনিটে।
৩৭৭৩২ মেমারি-হাওড়া ইএমইউ লোকাল
এই ট্রেনটি মেমারির পরিবর্তে বর্ধমান থেকে যাত্রা শুরু করবে। বর্ধমান থেকে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে। ব্যান্ডেল পৌঁছবে রাত ১২টা ১০ মিনিটে।
পুজোর দিনগুলিতে রবিবারের টাইম টেবিল
পূর্ব রেলের হাওড়া ডিভিশনের তরফে আরও জানানো হয়েছে, দুর্গাপুজো (১৮ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত), লক্ষ্মীপুজো (২৫ অক্টোবর) ও কালীপুজোয় (৮ নভেম্বর) হাওড়া ডিভিশনের সমস্ত লোকাল ট্রেন রবিবারের সূচি মেনে চলবে দুপুর ৩টে পর্যন্ত। ট্রেনগুলি যে স্টেশন থেকে যাত্রা শুরু করে, সেই স্টেশন থেকে ছাড়ার সময়ের ভিত্তিতে এই নিয়ম কার্যকর হবে। দুপুর ৩টের পরে চলবে অন্যান্য দিনের কর্মদিবসের টাইমটেবিল মেনে।
তবে ৩৭২২০ ব্যান্ডেল-হাওড়া লোকাল এই দিনগুলিতে রবিবারের সূচি অনুযায়ী চলবে না। ব্যান্ডেল থেকে সকাল ৫টা ৪০ মিনিটে ছাড়া এই ট্রেনটি নির্ধারিত যাত্রাপথ ও সময় মেনেই চলবে।