
বিভিন্ন স্টেশনগুলিতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে গত প্রায় দু'সপ্তাহ ধরে স্বচ্ছতা অভিযান চালাচ্ছে পূর্ব রেল। জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেউস্করের নেতৃত্বে চলছে এই অভিযান। বিভিন্ন স্টেশন ধরে ধরে চলছে সাফসুতরো করার অভিযান। সম্প্রতি ট্রেনের ভিতরেও এই অভিযান চালানো হয়েছে। তবে গতকাল পার্ক সার্কাস স্টেশনে 'স্বচ্ছতা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন' চালাল পূর্ব রেল।
এই অভিযানের আওতায় যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আবর্জনা না ফেলার বিষয়ে তাঁদের ভূমিকা সম্পর্কে বিশেষভাবে সচেতন করা হয়। শিয়ালদা ডিভিশনের পরিবেশ ও হাউসকিপিং ম্যানেজমেন্ট (ইএনএইচএম) বিভাগের আধিকারিকরাও এই কর্মসূচিতে সহযোগিতা করেন, যার ফলে সচেতনতা অভিযানটি সফলভাবে বাস্তবায়িত হয়।
রেলসূত্রে খবর, শিয়ালদা জেলা ও সেন্ট্রাল জেলার ভারত স্কাউটস অ্যান্ড গাইডস সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রেল স্টেশনে থাকা দোকানগুলিতে গিয়ে পরিবেশগত ও নিরাপত্তাজনিত সুফল সম্পর্কে সচেতনতার বার্তা দেন।
উল্লেখ্য বিষয় হল, কলকাতার মধ্যে পার্ক সার্কাস স্টেশনটির অত্যন্ত অপরিষ্কার হিসেবে বদনাম রয়েছে। স্টেশনের এখানে-ওখানে পড়ে থাকে নানা বর্জ্য পদার্থ। পাশাপাশি, স্থানীয়দের একাংশও প্ল্যাটফর্ম নোংরা করার ক্ষেত্রে দায়ী বলে অভিযোগ করা হয়। সেই প্ল্যাটফর্মেই এই অভিযান চালানোকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন রেলপ্রেমীরা।
পূর্ব রেলের প্রধান জনসংযোগ আধিকারিক শ্রী শিবরাম মাঝি বলেন, “আমাদের স্বচ্ছতা অভিযানের মূল লক্ষ্য হলো ধারাবাহিক সচেতনতা গড়ে তোলা এবং যাত্রী ও সাধারণ মানুষের মধ্যে আচরণগত পরিবর্তন আনা। পরিচ্ছন্নতা একটি সম্মিলিত দায়িত্ব। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা নাগরিকদের কর্তব্য বোধকে সুদৃঢ় করতে চাই। যাত্রী, স্থানীয় বাসিন্দা ও কর্মীদের অব্যাহত সহযোগিতায় পূর্ব রেল ধীরে ধীরে একটি ‘স্বচ্ছ রেল’-এর আদর্শে পরিণত হচ্ছে।”