
সাতসকালে ফের শহরে ED-র অভিযান। এবার তল্লাশি চালানো হচ্ছে খোদ কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে। তাঁর বালিগঞ্জের ফার্ন রোডের বাড়িতে সাতসকালে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকেরা। সূত্রের দাবি, ভোর ৬টার আগেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়ে কলকাতা পুলিশের ডেপুটি কমিশনারের বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। এই বাড়ির পাশাপাশি, বেহালার এক ব্যবসায়ীর বাড়িতেও এদিন সকালে হানা দিয়েছে ইডি।
জানা গিয়েছে, শান্তনু সিনহা বিশ্বাস দীর্ঘদিন ধরে ওসি হিসেবে কালীঘাট থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে খবর, সোনা পাপ্পু যে সমস্ত প্রতারণা, জালিয়াতির ঘটনায় জড়িত সেই মামলা নিয়ে কথাবার্তা বলতেই এদিন শান্তনু সিনহার বাড়িতে গিয়েছে ইডি-র আধিকারিকেরা।
যদিও প্রথমবার যে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে ইডি-র মোলাকাত হল তা নয়। এর আগে বারবার এই পুলিশকর্তাকে দিল্লিতে তলব করা হয়েছিল, তবে তিনি হাজিরা দেননি। এরপর আজ তাঁর বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ করতেই পৌঁছে যান ইডি-র আধিকারিকরা।
বেহালায় কার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হল?
সূত্রের খবর, বেহালায় ব্যবসায়ী জয় কামদারের বাড়িতে ইডি হানা দিয়েছে। এর আগেও তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সোনা পাপ্পুর কেসেই তাঁর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। এই ব্যবসায়ীকেও এর আগে একাধিকবার তলব করেছিল ED। কিন্তু তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন। এরপরই তাঁর বাড়িতেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
উল্লেখ্য, আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে দুই দফায় হবে ভোটগ্রহণ। ভোটের ফলপ্রকাশ হবে ৪ মে। তার ঠিক কদিন আগেই বিভিন্ন মামলায় কলকাতা তথা রাজ্যজুড়ে সক্রিয় হয়ে উঠেছে ইডি। কদিন আগেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই ঘটনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও।