
রাজ্যজুড়ে ফের লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে ডিমের দাম। একধাক্কায় শেষ ১০ দিনে ডিমের ট্রে-র দাম বেড়েছে ২০ টাকা। এই সময়ের মধ্যে প্রতিদিনই ১০ পয়সা, ২০ পয়সা করে বেড়েছে ডিমের দাম। ফলে ডিম কিনতে গিয়ে কার্যত হাতে ছ্যাঁকা খাচ্ছেন সাধারণ মানুষ।
কত দাম বাড়ল?
ন্যাশনাল এগ কোঅর্ডিনেশন কমিটির দেওয়া তথ্য বলছে, মাত্র ১০ দিন আগেই কলকাতায় পাইকারি বাজারে ডিমের ট্রে প্রতি দাম ছিল ১৮৬ টাকা। খুচরো বাজারে সেই রেট ছিল ২০০- ২০৫ টাকার মধ্যে।
কিন্তু শেষ ১০ দিনে বদলে গিয়েছে হিসেব। আজ কলকাতায় পাইকারি বাজারে ডিমের ট্রে বিকোচ্ছে ২০৬ টাকা দরে। অন্যদিকে, খুচরো বাজারে আজ ডিমের ট্রে-র দাম রয়েছে ২২০- ২২৫ টাকা।
এক পিস ডিম কত দিয়ে কিনতে হচ্ছে?
পাড়ার মুদি দোকানগুলিতে ডিমের জোড়া রয়েছে ১৫ থেকে ১৬ টাকা। এক পিস ডিম কিনতে ৮ টাকা দিতে হচ্ছে ক্রেতাকে।
ডিমের দাম বৃদ্ধির পিছনে রাজনৈতিক কারণ?
ডিমের দাম বৃদ্ধির পিছনে অনেকেই 'রাজনৈতিক কারণ' খুঁজছেন। আসলে প্রায় এক মাস আগে বাংলায় সামনে এসেছে বিধানসভা নির্বাচনের ফলাফল। আর সেই রেজাল্টের ধাক্কায় উল্টে গিয়েছে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের গদি। সরকার পড়তেই TMC-এর একের পর এক নেতার বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ সামনে আসছে। পাকড়াও হচ্ছেন নেতা-মন্ত্রীরাও। ছাই চাপা আগুনের মতোই জমে থাকা ক্ষোভও উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। বহু জায়গাতেই ডিম ছুড়ে মারা হচ্ছে TMC নেতাদের দিকে। বেশ কিছু বিজেপি নেতা রসিকতার সুরেই বলছেন, এই কারণেই নাকি বেড়ে গিয়েছে ডিমের দাম।
ডিমের দাম বৃদ্ধির কারণ কী জানা গেল?
ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি bangla.aajtak.in-কে জানান, "এখন ডিম উৎপাদনে যা খরচ হচ্ছে, তাতে ডিমের দাম ৮ টাকা না হলে কৃষকদের লাভ থাকছে না। গরমের সময়ে স্বাভাবিক ভাবেই উৎপাদন কিছুটা কম, সেই কারণেই ডিমের দাম চড়া রয়েছে।" তিনি দাবি করেন, গত একমাসে পোলট্রি খাতে কাঁচামালের দাম ৬০ শতাংশ বেড়ে গিয়েছে। সেই কারণেই চাষিদের খরচ বেড়েছে। ফলে ডিমের দাম বাড়ছে।
ডিমের দাম বৃদ্ধির পিছনে রাজনৈতিক কারণ রয়েছে কিনা, এপ্রসঙ্গে মদন মাইতি বলেন, "পশ্চিমবঙ্গের মানুষ প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম কেনেন। রাজ্যে প্রতিদিন সাড়ে ৪ কোটি ডিম কেনেন, এরমধ্যে কত শতাংশ ডিম ছোড়া হচ্ছে? আসলে কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণেই ডিমের দাম বাড়ছে।"