
Election Results 2022 : ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসতে শুরু করেছে। ৪ রাজ্যে কার্যত বিজেপি ঝড়। পঞ্জাবে এগিয়ে আপ। সকলের নজর ছিল এবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে। সেখানে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। নির্বাচনের ফলাফল দেখে বিজেপিকে তোপ দাগেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, লখিমপুরে বিজেপি জিতছে কেন? এটা হতে পারে না যে মানুষ সব ভুলে গেল। সেই সঙ্গে কংগ্রেসের শোচনীয় পরাজয় দেখে তিনি বলেন, কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া।
ফিরহাদ হাকিম বলেন, "উত্তরপ্রদেশে অনেক রকম বিষয় আছে। সেখানে পুলিশ, ইভিএম সব একযোগে হয়েছে। কিন্তু ২০২৪-এ এই রেজাল্ট হবে না। আমরা লড়াই করব। গোয়াতে অভিষেক আছে, ও কথা বলে সিদ্ধান্ত নেবে। কংগ্রেস দুর্ভাগ্যজনক ভাবে শেষ হয়ে গিয়েছে। বুঝতে পারছি না কেন এতো পুরনো একটা দল বিলুপ্তের পথে। কংগ্রেসের উচিত তৃণমূলের সঙ্গে মিশে যাওয়া। তাহলে জাতীয় স্তরে আমরা গান্ধীবাদ নিয়ে এগোব এবং গডসেবাদের বিরুদ্ধে লড়াই করব। লখিমপুরে বিজেপি জিতছে কেন? অর্থাৎ মোদী সরকার স্বচ্ছ নির্বাচন করেনি। এটা হতে পারে না যে মানুষ সব ভুলে গেল। প্রতিবাদ মানুষের মনের মধ্যে রয়েছে।"
উত্তরপ্রদেশ নির্বাচনে প্রথম থেকে ইভিএম নিয়ে অভিযোগ করে আসছেন বিরোধীরা। ভোট প্রবণতায় স্পষ্ট বিপুল আসন নিয়ে ফিরছেন যোগী। তবে হার মানতে চান না সমাজবাদী পার্টি। তারা টুইট করে জানিয়েছে, 'কেউ গণনাকেন্দ্র ছেড়ে যাবেন না। আমরা জিতছি।' ইতিমধ্যে বিভিন্ন জায়গায় সেলিব্রেশন শুরু করে দিয়েছেন বিজেপি কর্মীরা। এবার গোয়ার বিধানসভা নির্বাচনে লড়ছিল তৃণমূল। মহারাষ্ট্র গোমন্তক পার্টির জোটসঙ্গী হিসাবে লড়েছে। ভোটের ফলাফলে দেখা গিয়েছে মহারাষ্ট্র গোমন্তক পার্টি বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে।