Advertisement

Anandalok Hospital Fire: সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, কালো ধোঁয়ায় ভরে গিয়েছে একাধিক ওয়ার্ড

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে মঙ্গলবার সকালে আগুন লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারপাশ। রোগীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে। তবে ভিতরে কেউ আটকে নেই বলেই জানিয়েছে কর্তৃপক্ষ। আতঙ্কিত চিকিৎসক, রোগী ও পরিজনেরা।

সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন
Aajtak Bangla
  • সল্টলেক,
  • 21 Apr 2026,
  • अपडेटेड 10:58 AM IST
  • আনন্দলোক হাসপাতালে মঙ্গলবার সকালে আগুন লেগে যায়
  • ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন
  • রোগীদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে

সল্টেলেকের আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড। মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলা থেকে ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। জানা গিয়েছে, হাসপাতালের দোতলার একটি অপারেশন থিয়েটারের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র থেকেই আগুনের ফুলকি বেরিয়ে আসতে দেখা যায়। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা। 

রোগীদের ধীরে ধীরে অন্য ওয়ার্ডগুলিতে স্থানান্তরিত করা হচ্ছে। কয়েকজনকে বাইরে বের করেও নিয়ে আসা হচ্ছে। কালো ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। কোনও ওয়ার্ডে যাতে কোনও রোগী আটকে না পড়েন, তা নিশ্চিত করার চেষ্টা চলছে। যে যে ওয়ার্ডগুলিতে সরাসরি ধোঁয়া এবং আগুন প্রভাব ফেলেছে, তাঁদের আগে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। ইভাকুয়েশন প্রক্রিয়া চালাচ্ছে দমকল কর্মীরা। এখনও পর্যন্ত কেউ ভিতরে আটকে নেই বলেই জানা গিয়েছে।হাসপাতালের বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করা হয়েছে। লিফট থেকে জল বের করে দেওয়া হচ্ছে এবং সর্বোপরি হাসপাতালের একাধিক সিলিংয়ের কাচ ভেঙে ধোঁয়া বের করে দেওয়ার চেষ্টা চলছে।

প্রাথমিক তদন্তে দমকল জানিয়েছে, শর্ট সার্কিট থেকেই দোতলার অপারেশন থিয়েটারের এসি-তে আগুন লেগেছে।

ঢাকুরিয়ার আমরি হাসপাতালের ভয়াবহ অগ্নিকাণ্ডের স্মৃতি উস্কে উঠেছে এই ঘটনায়। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর দমকল বিভাগ। বিধাননগরের এই আনন্দলোক হাসপাতাল বহু পুরনো এবং কলকাতা ও জেলা থেকে বহু মানুষ এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। 

উল্লেখ্য, সোমবার বর্ধমানের অন্নপূর্ণা হাসপাতালেও একই ভাবে আগুন লেগেছিল। সেখানেও হাসপাতালের রোগীদের নিরাপদে বের করে আনা হয়েছিল। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

 

Read more!
Advertisement
Advertisement