
বাংলায় ক্ষমতায় এসেই বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার প্রতিশ্রুতি রক্ষা করেছে বিজেপি। ১ জুন থেকেই পশ্চিমবঙ্গে মহিলাদের বাস ভাড়া ফ্রি করা হয়েছে। সরকারি বাসে উঠে নির্দিষ্ট পরিচয়পত্র দেখিয়ে টিকিট কাটতে হলেও, পয়সা দিতে হচ্ছে না পশ্চিমবঙ্গের মহিলাদের। বিনিপয়সার বাস ভাড়ার প্রথম দিনটা ঠিক কেমন গেল? দেখে নেওয়া যাক।
সোমবার সকাল থেকেই কলকাতা ও শহরতলির বাস স্ট্যান্ডগুলিতে মহিলা যাত্রীর সংখ্যা ছিল চোখে পড়ার মতো বেশি। বিশেষ করে ব্যাপক গরমে সরকারি এসি বাসের আশায় অপেক্ষা করতে দেখা গিয়েছে মহিলাদের। প্রতিটি রুটের বাসে প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ মহিলা যাত্রী ছিলেন বলে জানাচ্ছেন কন্ডাক্টাররা। বারাসত-করণাময়ী রুটের EB- 12, AC-2, AC-37 এসি বাসেও দেখা গিয়েছে মহিলা যাত্রীদের ভিড়।
অফিস টাইমে অনেক সময় দেখা যায় ভিড় বাস এড়িয়ে চলেন মহিলারা। কিন্তু গতকাল ভিড়ের তোয়াক্কা করেননি মহিলারা। বিনিপয়সার বাসযাত্রার প্রথম দিন চুটিয়ে এনজয় করেছেন তাঁরা। একটি পরিসংখ্যান বলছে, শহরে সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে প্রায় ৯ হাজার যাত্রী সফর করেছেন। এছাড়াও, অন্য সরকারি বাসেও প্রায় ৫০ শতাংশ মহিলা যাত্রী লক্ষ্য করা গিয়েছে।
ফ্রি-তে বাস যাত্রার এই নতুন নিয়মের ফলে সাধারণ মানুষের যাতায়াতের খরচ এক ধাক্কায় অনেকটাই কমে যাবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। নিত্যযাত্রী মহিলারা এবং কলেজ ছাত্রীদের যাতায়াতের মাসিক খরচ এখন একেবারে শূন্যে নেমে আসবে, যা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলির জন্য এক বিরাট আর্থিক স্বস্তি।
গতকাল পরিষেবা কেমন চলছে, তা দেখার জন্য রাস্তায় নেমেছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একটি এসি বাসে চড়ে গড়িয়াহাট থেকে রুবি পর্যন্ত সওয়ারিও করেন তিনি। এছাড়াও, রানি রাসমনি রোড সংলগ্ন বাস স্ট্যান্ডেও যান বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি কয়েকজন মহিলা যাত্রীর হাতে জিরো-ভ্যালু টিকিট তুলে দেন।