Advertisement

Brihannala Brigade Scheme: কর আদায় করবেন বৃহন্নলারা, পুলিশের কাজও, নবান্নের নয়া প্রজেক্ট 'বৃহন্নলা ব্রিগেড'

বাংলার তৃতীয় লিঙ্গের মানুষদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। এই নিয়ে বুধবার ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে করেছে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতর, সমাজকল্যাণ দফতর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জানা যাচ্ছে প্রশিক্ষণের পর এবার থেকে ট্রান্সজেন্ডাররা করবেন পুরসভার কর আদায় ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।

 ট্রান্সজেন্ডাররা এবার হবেন সরকারি কর্মী ট্রান্সজেন্ডাররা এবার হবেন সরকারি কর্মী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Nov 2026,
  • अपडेटेड 12:38 PM IST

বাংলার তৃতীয় লিঙ্গের মানুষদের নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার।  এই নিয়ে বুধবার ট্রান্সজেন্ডার বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে করেছে  পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন দফতর, সমাজকল্যাণ দফতর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জানা যাচ্ছে প্রশিক্ষণের পর এবার থেকে ট্রান্সজেন্ডাররা করবেন পুরসভার কর আদায় ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ।

 ট্রান্সজেন্ডারদের জন্য কর্মসংস্থানের জন্য নতুন উদ্যোগের কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মন্ত্রী জানিয়েছেন, রাস্তায় ভিক্ষা করেন, এমন ট্রান্সজেন্ডারদের পুনর্বাসনের জন্য একটি নীতি তৈরির কাজ করছে রাজ্য সরকার। তাঁদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং বাড়ি ও সম্পত্তি কর আদায়ের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই কাজের জন্য তাঁদের সাম্মানিকও দেওয়া হবে। মন্ত্রীর বক্তব্য, এর ফলে একদিকে পুরসভাগুলির কর আদায়ের কাজে গতি আসবে, অন্যদিকে ট্রান্সজেন্ডারদেরও সম্মানের সঙ্গে জীবনযাপন করার সুযোগ তৈরি হবে। তাঁরা সমাজের বিভিন্ন কাজে সরাসরি অবদান রাখতে পারবেন।

কী কী কাজ করবেন  ট্রান্সজেন্ডাররা? 
এবার বাড়ি বাড়ি বকেয়া পুরকর আদায়ে তৃতীয় লিঙ্গ অর্থাৎ বৃহন্নলাদের নিয়োগ করবে রাজ্য সরকার। মূলত পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ দিয়ে কলকাতা, হাওড়া ও বিধাননগর তিন কর্পোরেশনে সরকারি কর্মী হিসাবে প্রথম দফায় দায়িত্ব পাবেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। পরে অন্য পুরসভায় প্রশিক্ষিত রূপান্তরকামীদের ধাপে ধাপে নিযুক্ত করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই বৃহন্নলাদের মূল স্রোতের জীবন-জীবিকায় নিয়ে আসতে বকেয়া পুরকর আদায়ে অফিসার হিসাবে নিয়োগের কথা ভাবা হচ্ছে। প্রস্তাবিত প্রকল্পের নাম দেওয়া হয়েছে 'বৃহন্নলা ব্রিগেড'। প্রসঙ্গত, এর আগে বাংলার কোনও সরকার তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের সরকারি স্তরে এমনভাবে পরিষেবা ক্ষেত্রে বড়মাপের নিয়োগের উদ্যোগ গ্রহণ করেনি। সেদিক থেকে শুভেন্দু অধিকারীর সরকারের এমন উদ্যোগ অবশ্যই ব্যতিক্রমী। 

 ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আদায় করবেন
দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর আদায়ের পাশাপাশি  ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আদায়ে সহায়তাও করবেন ট্রান্সজেন্ডাররা। পরিকল্পনা অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, একটি মোটরবাইকে তিন জন যাতায়াত-সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নজরদারিতে তাঁদের কাজে লাগানো হতে পারে। প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া ও বিধাননগরের মতো বড় পুরসভাগুলিতে এই প্রকল্প চালু করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, প্রস্তাবটি ইতিমধ্যেই রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে নীতিগত সম্মতি পেয়েছে। তেলেঙ্গানা, ওড়িশা, গুজরাত ও উত্তরপ্রদেশের একাধিক পুরসভায় এই ধরনের উদ্যোগ চালু রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই পশ্চিমবঙ্গেও একই ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।  সম্ভাব্য কর্মীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য দেবে ট্রান্সজেন্ডার বোর্ড এবং সমাজকল্যাণ দফতর। অন্যদিকে, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের দায়িত্ব নেবে পুলিশ। সম্পত্তি কর আদায় সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে পুর ও নগরোন্নয়ন দফতর।

Advertisement

রাজ্যে ট্রান্সজেন্ডারের সংখ্যা কত?
পশ্চিমবঙ্গে তৃতীয় লিঙ্গ বা রূপান্তরকামীদের বিষয়গুলি এতদিন 'সামাজিক সুরক্ষা' বিভাগের অধীনে ছিল। কিন্তু এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে তা নগরোন্নয়ন দফতরের মাধ্যমে বিশেষ প্রকল্প হিসাবে চালু হচ্ছে। তবে তাঁদের স্থায়ী না চুক্তিভিত্তিক নিয়োগ হবে, তা এখনও স্থির হয়নি। প্রকল্পটি দ্রুত রূপায়ণের দায়িত্ব নিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২০১১ সালের আদমশুমার অনুসারে রাজ্যে নথিভুক্ত তৃতীয় লিঙ্গের সংখ্যা ৩০,৩৪৯ জন। এর মধ্যে তফসিলি জাতি ৬,৪৭৪ জন ও তফসিলি উপজাতি ১,৪৭৪ জন। সমাজকল্যাণ দফতরের দাবি, বর্তমানে এই সংখ্যা আরও কিছু বেড়েছে। 

Read more!
Advertisement
Advertisement