
বেশ কিছু দিন ধরেই তীব্র গরমে পুড়েছে বাংলার দক্ষিণ ভাগ। রোদের তেজের সঙ্গী ছিল অত্যধিক আর্দ্রতা। যার ফলে অস্বস্তি একবারে চরমে উঠেছিল। দরদর করে হচ্ছিল ঘাম। যদিও বৃহস্পতিবার সন্ধ্যার পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তির্ণ অংশে ঝড়বৃষ্টি হয়েছে। আর তাতেই মোটের উপর কমেছে তাপমাত্রা। স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গবাসী। রাতে ঠিক ঠাক ঘুম হয়েছে।
এখন প্রশ্ন হল, আজ, শুক্রবার কেমন থাকবে আবহাওয়া? হাওয়া অফিসের আপডেট জানাচ্ছে, বৃহস্পতিবারের মতোই আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। যার ফলে আগামী কয়েকদিনে তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তাই আর দেরি না করে আজ গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়ার আপডেট জেনে নিন।
আজ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, আর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার একাধিক জায়গায়। পাশাপাশি এই সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় বইতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু জায়গায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো বাতাস।
আর শনিবারও মোটামুটি এমনই থাকবে আবহাওয়া। ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং পরুলিয়ায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সব জেলায় মৃদু থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আর এহেন বৃষ্টিপাতের জেরেই ধীরে ধীরে কমে যেতে পারে তাপমাত্রা। অস্বস্তিকর গরম থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন।
যদিও রবিবার থেকে কমে যাবে বৃষ্টির দাপট। সোমবারও মোটামুটি একই থাকবে আবহাওয়া। তারপর থেকে ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হয়ে যেতে পারে। যার ফলে দক্ষিণবঙ্গে ফিরতে পারে গরম।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
এই বিষয়টাও খোলসা করে দিয়েছে আবহাওয়া দফতর। তাদের পক্ষ থেকে জানান হয়েছে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে আজ ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝড় বইতে পারে। পাশাপাশি এই সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। আগামিকালও উত্তরবঙ্গের সব জেলাতে হালকা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।