
আবার ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল দমদমে। বুধবার রাত সাড়ে দশটা নাগাদ স্ত্রীকে খুন করে পলাতক স্বামী বলে অভিযোগ উঠছে। ঘটনা দমদম বিধানসভার দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষ নগর এলাকার।
ঠিক কী ঘটেছে?
এলাকাবাসী সূত্রে খবর, এই ঘটনা যখন ঘটে, তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এই সময়ই স্ত্রীকে খুন করে পলাতক হয় যায় স্বামী বলে অভিযোগ। আর এই ঘটনা সামনে আসার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, পলাতক স্বামীর নাম সজল প্রামাণিক। তার স্ত্রীর নাম জয়া প্রামাণিক। তাদের একটি দেড় বছরের পুত্র সন্তান আছে।
এলাকাবাসীরা জানিয়েছেন, বিগত দেড় বছর ধরে এই পরিবার দক্ষিণ সুভাষ নগরের একটি বাড়িতে ভাড়া থাকত। স্বামী-স্ত্রীর মধ্যে প্রথম থেকেই তীব্র বিবাদ হয়ে এসেছে। রোজই লেগে থাকত গন্ডগোল। তারপর বুধবার রাতে খুনের ঘটনা সামনে আসে। এরপর এলাকায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়।
ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে যায় দমদম থানার পুলিশ। তারা মৃতদেহ তুলে নিয়ে যায়।
সেই সঙ্গে শুরু হয় তদন্ত। কোথায় রয়েছে সজল প্রামাণিক, সেই খোঁজ চলছে। শুধু তাই নয়, কেন সে তার স্ত্রীকে খুন করল, এই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ বলে জানা গিয়েছে। যদিও এই সব বিষয়ে এখনও নির্দিষ্ট করে কিছুই জানতে পারেনি পুলিশ।
এই ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তারা চাইছেন যাতে দ্রুত সজল ধরা পড়ে। তদন্তের পর দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়।
এক এলাকাবাসীর কথায়, 'আমি ঘরে ছিলাম। ভিড় দেখে বেরিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, কী হয়েছে। তারপর পুরো ঘটনা জানলাম। এর বেশি কিছু জানি না। এর আগে এমন ঘটনা আমাদের পাড়ায় ঘটেনি।'